কলকাতারাজ্যের খবর

৮ মার্চ রাতেই নির্বাচনী প্রস্তুতি খতিয়ে দেখতে আসছে কমিশনের ফুল বেঞ্চ

কমিশন সূত্রের খবর, ৯ ও ১০ মার্চ কলকাতায় থাকবেন কমিশনের ফুল বেঞ্চের সদস্যরা।

Truth of Bengal: আসন্ন বিধানসভা নির্বাচন ঘিরে জোরদার প্রস্তুতির মাঝেই বড় পদক্ষেপ নিল জাতীয় নির্বাচন কমিশন। আগামী ৮ মার্চ রাতেই জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ কলকাতায় পৌঁছবে বলে চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক দফতরকে।

কমিশন সূত্রের খবর, ৯ ও ১০ মার্চ কলকাতায় থাকবেন কমিশনের ফুল বেঞ্চের সদস্যরা। এই সময়ে রাজ্যের নির্বাচন প্রস্তুতি, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, বাহিনী মোতায়েন, ভোটার তালিকা সংশোধন এবং বুথ ব্যবস্থাপনা নিয়ে বিস্তৃত পর্যালোচনা বৈঠক হওয়ার কথা রয়েছে। ইতিমধ্যেই কমিশনের তরফে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে আনুষ্ঠানিকভাবে সফরসূচি জানিয়ে চিঠি পাঠানো হয়েছে।

এদিকে, ফুল বেঞ্চের আগমনের আগে প্রস্তুতি খতিয়ে দেখতে কমিশনের শীর্ষ আধিকারিককে আগাম পাঠাচ্ছে জাতীয় নির্বাচন কমিশন। তাঁরা মাঠপর্যায়ের রিপোর্ট সংগ্রহ করবেন এবং প্রয়োজনীয় সমন্বয় বৈঠক সারবেন বলে জানা গিয়েছে।
প্রশাসনিক মহলের মতে, ফুল বেঞ্চের এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সাধারণত পূর্ণাঙ্গ বেঞ্চ রাজ্য সফরের পরেই নির্বাচনের দিন ঘোষণা করে থাকে। ফলে ৯ ও ১০ মার্চের বৈঠক ঘিরে রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে,শিগগিরই কি ভোটের নির্ঘণ্ট প্রকাশ হতে চলেছে?

Related Articles