সংবিধান অবমাননা ও উসকানিমূলক মন্তব্যের অভিযোগ: শুভেন্দুর বিরুদ্ধে জোড়া এফআইআর
দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে রাজ্যজুড়ে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারিও দিয়েছে যুব সংগঠনটি।
Truth Of Bengal: দোলের অনুষ্ঠানে করা বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্যের রাজনৈতিক মহল। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সংবিধানবিরোধী এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের অভিযোগ তুলে জোড়া এফআইআর (FIR) দায়ের করল সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআই (DYFI)।
গত মঙ্গলবার সকালে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের বালিগঞ্জ এলাকার শরৎ বোস রোডে একটি দোল উৎসবে যোগ দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। সেখানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “নাস্তিকতা নিপাত যাক। সেকুলারিজ়ম নিপাত যাক। হিন্দুরা যাতে পশ্চিমবঙ্গে সুরক্ষিত থাকে এই প্রার্থনা করব।” একইসঙ্গে তিনি ‘হিন্দু-হিন্দু ভাই-ভাই’ স্লোগানও তোলেন। তাঁর এই মন্তব্যের ভিডিও প্রকাশ্যে আসতেই শুরু হয় তীব্র রাজনৈতিক তরজা।
শুভেন্দু অধিকারীর এই বক্তব্য সংবিধানের মূল কাঠামোর পরিপন্থী বলে দাবি করে ডিওয়াইএফআই। মঙ্গলবার সন্ধ্যায় বালিগঞ্জ থানায় প্রথম অভিযোগটি দায়ের করা হয়। সংগঠনের দাবি, ভারতের সংবিধান যেখানে ধর্মনিরপেক্ষতাকে (Secularism) অন্যতম ভিত্তি হিসেবে গণ্য করে, সেখানে একজন দায়িত্বশীল জনপ্রতিনিধির মুখে ‘সেকুলারিজ়ম নিপাত যাক’ স্লোগান অত্যন্ত বিপজ্জনক।
ঘটনাপ্রবাহে বুধবার ভবানীপুর থানায় দ্বিতীয় এফআইআর-টি দায়ের করা হয়। ডিওয়াইএফআই নেতৃত্বের অভিযোগ, প্রথম অভিযোগের ভিত্তিতে পুলিশ এখনও দৃশ্যত কোনও পদক্ষেপ করেনি। দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে রাজ্যজুড়ে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারিও দিয়েছে যুব সংগঠনটি। পাশাপাশি, রাজ্যের প্রতিটি জেলার একাধিক থানায় এই একই বিষয়ে অভিযোগ জানানো হবে বলেও তারা জানিয়েছে।
ডিওয়াইএফআই-এর তরফে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে, দেশের গণতান্ত্রিক ঐতিহ্য এবং সম্প্রীতির পরিবেশ নষ্ট করার যে কোনও প্রচেষ্টাকে তারা আইনি ও রাজনৈতিকভাবে মোকাবিলা করবে। সব মিলিয়ে, বিরোধী দলনেতার এই মন্তব্যকে কেন্দ্র করে শাসক-বিরোধী তরজার মাঝে এবার বামেদের এই আইনি সক্রিয়তা রাজনীতির ময়দানে এক নতুন মাত্রা যোগ করল।






