লাফিয়ে বাড়ছে পারদ, দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের পূর্বাভাস, বুধে কেমন থাকবে আবহাওয়া
রাতের তাপমাত্রায় এখনই বড় কোনও বদল আসবে না, ফলে ভোরের দিকে মনোরম আবহাওয়া বজায় থাকবে।
Truth of Bengal: বসন্তের বিদায়ঘণ্টা বাজার আগেই চৈত্র সেলের কড়া রোদের মেজাজ বাংলায়। দক্ষিণবঙ্গ জুড়ে লাফিয়ে বাড়ছে তাপমাত্রার পারদ। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আপাতত গরম কমার কোনও লক্ষণ নেই। বরং আগামী কয়েক দিনে রোদের তেজ আরও বাড়বে। মহানগরে দিনের বেলা ফ্যান চালানো এখন আবশ্যিক হয়ে দাঁড়িয়েছে। হাওয়া অফিস জানাচ্ছে, আগামী কয়েক দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দিনের তাপমাত্রা আরও ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। তবে রাতের তাপমাত্রায় এখনই বড় কোনও বদল আসবে না, ফলে ভোরের দিকে মনোরম আবহাওয়া বজায় থাকবে।
কলকাতাসহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা বর্তমানে স্বাভাবিকের উপরে রয়েছে। সকালের দিকে কিছু এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদ ঝলমলে পরিষ্কার আকাশ দেখা যাচ্ছে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তর-পশ্চিম ভারত থেকে জলীয় বাষ্প বাতাসে প্রবেশ করতে শুরু করেছে। এর ফলে রোদের খরতাপের সঙ্গে পাল্লা দিয়ে বাড়বে ঘাম ও অস্বস্তি। বৃষ্টির জন্য চাতক পাখির মতো অপেক্ষায় থাকলেও আপাতত কোনও সুখবর নেই। আগামী সাত দিন কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে।
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও গরমের দাপট বাড়তে শুরু করেছে। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার এবং জলপাইগুড়িসহ উত্তরের সব জেলাতেই এখন শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। পাহাড় থেকে সমতল, কোথাও বৃষ্টির দেখা পাওয়ার সম্ভাবনা নেই এই মুহূর্তে। আবহাওয়া দপ্তরের অনুমান, উত্তরের জেলাগুলিতেও আগামী কয়েক দিনে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। সব মিলিয়ে রাজ্যজুড়ে এখন কেবলই পারদ চড়ার পালা।






