সিএএ-তে নাগরিকত্বের কাজ দ্রুত শেষ হবে, বার্তা অমিত শাহের
নাগরিকত্ব পাওয়া নিয়ে যে জটিলতার অভিযোগ বিভিন্ন মহল থেকে উঠছিল, সেই সমস্যাগুলিও কেটে যাবে বলে আশ্বাস দিলেন তিনি
Truth of Bengal: সিএএ-র মাধ্যমে নাগরিকত্ব দেওয়ার কাজ দ্রুত শেষ করা হবে। ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিবসে কলকাতায় এসে বড় বার্তা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নাগরিকত্ব পাওয়া নিয়ে যে জটিলতার অভিযোগ বিভিন্ন মহল থেকে উঠছিল, সেই সমস্যাগুলিও কেটে যাবে বলে আশ্বাস দিলেন তিনি। এবার ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মতিথি। সেই উপলক্ষে নিউটাউনে বসতে চলেছে ১২৫ ফুট উচ্চতার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তি। সোমবার সেই মূর্তির ভূমিপুজো অনুষ্ঠানে যোগ দেন অমিত শাহ। মঞ্চ থেকেই তিনি বলেন, “এই ভূমিপুজোকে আলাদাভাবে দেখছি। সোনার বাংলা গঠনের সংকল্পপূরণের সূচনা আজ থেকে শুরু হল।”
নরেন্দ্র মোদি সরকারের নাগরিকত্ব আইন নিয়ে এদিন ফের স্পষ্ট বার্তা দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বিজেপির দাবি, বাংলাদেশ-সহ প্রতিবেশী দেশগুলি থেকে ভারতে আসা হিন্দু শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার পথ খুলেছে সিএএ। বাংলাতেও অতীতে বহু শরণার্থী এসেছেন। তাঁদের নাগরিকত্ব দেওয়ার প্রতিশ্রুতি আগেই দিয়েছিল বিজেপি। অনেকেই সিএএ-র মাধ্যমে নাগরিকত্বের জন্য আবেদন করেছেন এবং নাগরিকত্বও পাচ্ছেন। তবে কিছু ক্ষেত্রে প্রক্রিয়া নিয়ে জটিলতার অভিযোগ সামনে আসছিল। সেই প্রেক্ষিতেই কলকাতা থেকে অমিত শাহ জানিয়ে দিলেন, নাগরিকত্ব দেওয়ার কাজ দ্রুত সম্পূর্ণ করা হবে। বাংলায় বিজেপি সরকার গঠনের পর ‘ডবল ইঞ্জিন’ সরকারের উন্নয়ন মডেল নিয়েও এদিন বার্তা দেন শাহ। তাঁর দাবি, বর্তমান সরকার বাংলার উন্নয়ন এবং ঐতিহ্য রক্ষাকে একসঙ্গে এগিয়ে নিয়ে যেতে চায়। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আদর্শকে সামনে রেখে নাগরিকত্বের প্রশ্নেও সরকার নিজের অবস্থানে অটল থাকবে বলে জানান তিনি।
নিউটাউনের মঞ্চ থেকে দেশভাগের সময়ের ইতিহাসও তুলে ধরেন অমিত শাহ। তাঁর বক্তব্যে উঠে আসে নেহরু-লিয়াকত চুক্তির প্রসঙ্গ। শাহ বলেন, সেই চুক্তি পড়ে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বলেছিলেন, কংগ্রেস পূর্ব পাকিস্তান ও পাকিস্তানের হিন্দুদের কথা ভাবেনি। ভারতের মুসলমানদের কথা চিন্তা করা হলেও, উদ্বাস্তু হিন্দুদের সুরক্ষা ও নাগরিকত্বের প্রশ্নে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়নি বলে দাবি করেন তিনি। অমিত শাহ আরও বলেন, “আজ শ্যামাপ্রসাদের দলের সরকার সিএএ এনে হিন্দুদের নাগরিকত্ব দিচ্ছে। আমরা বাকিদেরও নাগরিকত্ব দেব।” তাঁর এই বক্তব্যে স্পষ্ট, সিএএ বাস্তবায়নকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য বিজেপি সরকার আগামী দিনে আরও সক্রিয় ভূমিকা নিতে চলেছে।






