আকভানের রেশ কাটলেই ফিরবে হেমন্ত? দক্ষিণবঙ্গের আবহাওয়া নিয়ে বড় আপডেট
মঙ্গলবার থেকে উত্তর ও দক্ষিণবঙ্গেই ফিরতে পারে হেমন্তের মনোরম আবহাওয়া।
Truth of Bengal: শক্তি হারিয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে ঘূর্ণিঝড় ‘আকভান’। তবে দুর্যোগের রেশ এখনও কাটেনি বাংলায়। অকাল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলা। তার জেরে কমছে তাপমাত্রাও। আবহাওয়া দফতরের পূর্বাভাস, সোমবার পর্যন্ত রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষিপ্ত বৃষ্টি চলতে পারে। তবে মঙ্গলবার থেকে উত্তর ও দক্ষিণবঙ্গেই ফিরতে পারে হেমন্তের মনোরম আবহাওয়া।
বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার পর্যন্ত টানা বৃষ্টিতে কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছিল কলকাতা। শনিবার সকালেও শহরের কয়েকটি এলাকায় বৃষ্টি হয়। তবে এই বৃষ্টিতেই মিলেছে বড় স্বস্তি। উল্লেখযোগ্যভাবে কমেছে শহরের বায়ুদূষণ। কালীপুজোর পর কলকাতার AQI যেখানে ২৭৯-এ পৌঁছেছিল, শুক্রবারের বৃষ্টির পর তা নেমে দাঁড়িয়েছে ৩৯-এ।
আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার কলকাতার আকাশ মেঘলা থাকলেও বৃষ্টির দাপট কমবে। সোমবার দুপুরের পর আকাশ পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে। শনিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা নেমে হয়েছে ২২.৮ ডিগ্রি, যা স্বাভাবিকের তুলনায় ৭.২ ডিগ্রি কম।
দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান ও মুর্শিদাবাদে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলবর্তী এলাকায় ভারী বৃষ্টিও হতে পারে। রবিবার পর্যন্ত ঘণ্টায় প্রায় ৩০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। তবে বিকেলের পর থেকেই বৃষ্টির প্রকোপ কমার সম্ভাবনা।
উত্তরবঙ্গের মালদা, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরেও সোমবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। মঙ্গলবার থেকে দুই বঙ্গেই আবহাওয়ার উন্নতির সম্ভাবনা। ধীরে ধীরে কমবে রাতের তাপমাত্রাও।






