কলকাতা

হঠাৎ অসুস্থ রেখা পাত্র, শরীরে বিষক্রিয়ার আশঙ্কা! ভেন্টিলেশনে হিঙ্গলগঞ্জের বিধায়ক

জানা গিয়েছে, শনিবার রাত ৯টা নাগাদ হিঙ্গলগঞ্জের বাড়িতেই আচমকা অসুস্থ হয়ে পড়েন রেখা।

Truth of Bengal: গুরুতর অসুস্থ হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র। কলকাতার একটি হাসপাতালে ভেন্টিলেশন সাপোর্টে চিকিৎসাধীন তিনি। তাঁর শরীরে বিষক্রিয়ার প্রভাব রয়েছে বলে সূত্রের খবর। তবে বিজেপি বা হাসপাতাল কর্তৃপক্ষের তরফে এখনও এই তথ্য আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। বিধায়কের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ বাড়ছে।

জানা গিয়েছে, শনিবার রাত ৯টা নাগাদ হিঙ্গলগঞ্জের বাড়িতেই আচমকা অসুস্থ হয়ে পড়েন রেখা। প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। পরে অবস্থার অবনতি হওয়ায় বসিরহাট সুপারস্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে সিসিইউতে প্রায় চার ঘণ্টা চিকিৎসার পরেও উন্নতি না হওয়ায় তাঁকে কলকাতায় আনার সিদ্ধান্ত নেওয়া হয়।

বর্তমানে চিকিৎসক যুধাজিৎ সেনগুপ্তের তত্ত্বাবধানে আইটিইউয়ের ১০ নম্বর বেডে ভর্তি রয়েছেন বিধায়ক। ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে তাঁকে। রবিবার সকালে তাঁর শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে যান স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়।

কী কারণে আচমকা অসুস্থ হয়ে পড়লেন রেখা, কীভাবেই বা তাঁর শরীরে বিষক্রিয়ার প্রভাব এল, তা এখনও স্পষ্ট নয়। হাসপাতাল ও দলের তরফে আনুষ্ঠানিক বিবৃতি না আসায় বিষয়টি নিয়ে ধোঁয়াশা রয়েছে।

উল্লেখ্য, সন্দেশখালির আন্দোলনের মুখ হিসেবে পরিচিত রেখা পাত্র ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী হয়েছিলেন। যদিও জয় পাননি। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে হিঙ্গলগঞ্জ কেন্দ্র থেকে জিতে বিধায়ক হন তিনি। সম্প্রতি জেলা নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেও শিরোনামে এসেছিলেন রেখা। তাঁর অসুস্থতার খবরে বিজেপির অন্দরে উদ্বেগ তৈরি হয়েছে।

Related Articles