কলকাতা

“তৃণমূলের আমলে রোজ নারী নির্যাতন হতো!” বারুইপুর কাণ্ডে দ্রুত অ্যাকশন নিয়ে প্রাক্তনদের তোপ দিলীপের

একইসঙ্গে হুঁশিয়ারির সুরে বলেন, “কাকে কীভাবে সোজা করতে হয়, বিজেপি জানে

Truth of Bengal: বারুইপুর কাণ্ড নিয়ে বিরোধীদের আন্দোলনকে কড়া ভাষায় আক্রমণ করলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। মঙ্গলবার সকালে তিনি দাবি করেন, ঘটনাকে কেন্দ্র করে বিরোধীদের প্রতিবাদ আসলে রাজনৈতিক নাটক। একইসঙ্গে হুঁশিয়ারির সুরে বলেন, “কাকে কীভাবে সোজা করতে হয়, বিজেপি জানে।” বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনায় গত কয়েকদিন ধরে রাজ্যজুড়ে উত্তেজনা ছড়িয়েছে। ঘটনার পরপরই তদন্তে নেমে কয়েক ঘণ্টার মধ্যেই মূল অভিযুক্ত-সহ তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। আরও তিনজনকে আটক করা হয়েছে। পাশাপাশি তদন্তের জন্য বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করা হয়েছে। নিহত নাবালিকার পরিবারের সঙ্গে ফোনে কথা বলে দ্রুত বিচার এবং দোষীদের কঠোর শাস্তির আশ্বাসও দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

এই আবহেই বিরোধীদের আন্দোলন নিয়ে প্রশ্ন তোলেন দিলীপ ঘোষ। তাঁর কথায়, “কাকে কীভাবে সোজা করতে হয়, বিজেপি জানে। মানুষ শান্তিতে থাকার জন্যই পরিবর্তনের পক্ষে ভোট দিয়েছে। বাংলার মানুষ এবার শান্তিতেই থাকবে।” নারী নির্যাতনের ইস্যুতে প্রাক্তন তৃণমূল সরকারকেও নিশানা করেন তিনি। দিলীপ ঘোষের দাবি, “তৃণমূলের আমলে প্রায় প্রতিদিনই নারী নির্যাতনের ঘটনা ঘটত। তখন সরকার কী পদক্ষেপ নিয়েছিল? আর বারুইপুরের ঘটনায় অভিযোগ সামনে আসার পরই পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়েছে। তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। আইন নিজের কাজ করছে।”

বিরোধীদের আন্দোলন প্রসঙ্গে তাঁর মন্তব্য, “আন্দোলনের নামে কিছু মানুষ শুধু নাটক করছেন। বিজেপি সরকার জানে কীভাবে মানুষের জন্য কাজ করতে হয় এবং কীভাবে অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হয়।”

Related Articles