কলকাতা

সেনিয়ারের পর ফের নিম্নচাপ! আন্দামানে অতি ভারী বৃষ্টিতে কমলা সতর্কতা

মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে।

Truth Of Bengal: ঘূর্ণিঝড় ‘সেনিয়ার’-এর প্রভাবে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হওয়ার আগেই বঙ্গোপসাগরে নতুন করে একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, এই নিম্নচাপটি বৃহস্পতিবার আরও ঘনীভূত হয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হতে পারে। যদিও পশ্চিমবঙ্গে এর তেমন কোনও প্রভাব পড়ার সম্ভাবনা নেই, ভারতের দক্ষিণ উপকূলে আগামী কয়েক দিন ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে।

মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে। বিশেষ করে নিকোবর অঞ্চলের জন্য জারি করা হয়েছে কমলা সতর্কতা। ঘণ্টায় প্রায় ৭০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে অনুমান। তাই সেখানকার মৎস্যজীবীদের আপাতত সমুদ্রে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

অন্যদিকে, পশ্চিমবঙ্গের উপর এই নিম্নচাপের কোনও সরাসরি প্রভাব পড়বে না বলে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে। আপাতত উত্তর থেকে দক্ষিণ— সর্বত্রই আবহাওয়া মোটের উপর শুষ্ক থাকবে। এ বছর নভেম্বরের শুরু থেকেই রাজ্যে শীতের আমেজ অনুভূত হচ্ছে। মাসের শেষ সপ্তাহে কলকাতার তাপমাত্রা নেমে এসেছে ১৬ ডিগ্রির কাছাকাছি, আর দার্জিলিঙের তাপমাত্রা ছুঁয়েছে ৫ ডিগ্রি।

বৃহস্পতিবার ভোরে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৬.৪ ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে ১.১ ডিগ্রি কম। বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৪ ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে ২.৫ ডিগ্রি কম। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় রাতে তাপমাত্রায় বিশেষ পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে পরবর্তী তিন দিনে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। অর্থাৎ সপ্তাহান্তে পারদ আবারও ঊর্ধ্বমুখী হতে পারে।

Related Articles