পার্ক স্ট্রিটে দুধ গরম বিতর্ক! সরকারি আশ্রয় প্রত্যাখ্যান করে কোথায় গেলেন সীতা?
পরবর্তীতে অগ্নিমিত্রা পাল নিজের অবস্থান সাফ করে জানান যে কেবল নিরাপত্তার স্বার্থেই বাধা দেওয়া হয়েছিল, তবে তাঁর কথা বলার ধরণ আরও বুঝিয়ে হওয়া উচিত ছিল।
Truth of Bengal: পার্ক স্ট্রিটের ফুটপাথে নাতির জন্য দুধ গরম করার অপরাধে পুরমন্ত্রী অগ্নিমিত্রা পালের ধমকের মুখে পড়েছিলেন গৃহহীন বৃদ্ধা সীতা দেবী। ওই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই বিতর্কের ঝড় ওঠে এবং পুরমন্ত্রীর মানবিকতা নিয়ে রাজ্য রাজনীতিতে প্রশ্ন তোলা হয়। পরবর্তীতে অগ্নিমিত্রা পাল নিজের অবস্থান সাফ করে জানান যে কেবল নিরাপত্তার স্বার্থেই বাধা দেওয়া হয়েছিল, তবে তাঁর কথা বলার ধরণ আরও বুঝিয়ে হওয়া উচিত ছিল।
ঘটনাটির জল গড়ালে বিষয়টি নিয়ে সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়ও। এই আবহে বিতর্কিত বৃদ্ধা সীতা বিজেপি রাজ্য দফতরে পৌঁছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেন। মুখ্যমন্ত্রীও কলকাতা পুরসভাকে অবিলম্বে তাঁদের সরকারি আশ্রয়ের নির্দেশ দেন।
মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে মঙ্গলবার থেকে কলকাতা পুরসভা ও পুলিশের যৌথ দল সীতা দেবী ও তাঁর দুই মেয়েকে বেলেঘাটা এবং রামমোহন রায় রোডের সরকারি আশ্রয়স্থলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে সীতার বড় মেয়ে পূজা পুরসভার এই ব্যবস্থাপনায় সন্তুষ্ট হয়ে আশ্রয়ে থাকতে রাজি হলেও, সীতা দেবী ওরফে রশিদা এবং তাঁর ছোট দুই মেয়ে সরকারি আশ্রয়ে থাকতে অস্বীকার করেন। আপাতত পার্ক স্ট্রিট থেকেও নিরুদ্দেশ তাঁরা। এ প্রসঙ্গে বিধায়ক সজল ঘোষ জানান যে, সীতা দেবী ও তাঁর দুই সন্তান আপাতত দলের কিছু কর্মীর বাড়িতে সম্পূর্ণ নিরাপদ আশ্রয়েই রয়েছেন। ৫০ বছর ধরে ফুটপাথই যাঁদের স্থায়ী ঠিকানা ছিল, তাঁদের এই অন্তর্ধান ঘিরে পার্ক স্ট্রিট চত্বরে আলোচনা তুঙ্গে।


