জেলায় প্রথম সফল কিডনি প্রতিস্থাপন, দৃষ্টান্ত গড়ল মধ্যমগ্রামের ভিভাসিটি হাসপাতাল
চালুর মাত্র ১৫ মাসের মাথায় এই হাসপাতালেই সম্পন্ন হল জেলার প্রথম সফল কিডনি প্রতিস্থাপন।
Truth Of Bengal: উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে অত্যাধুনিক কিডনি চিকিৎসার সুবিধা পৌঁছে দিতে প্রখ্যাত নেফ্রোলজিস্ট ড. প্রতিম সেনগুপ্ত গত বছর ভিভাসিটি হাসপাতাল প্রতিষ্ঠা করেন। চালুর মাত্র ১৫ মাসের মাথায় এই হাসপাতালেই সম্পন্ন হল জেলার প্রথম সফল কিডনি প্রতিস্থাপন।
কিডনি সমস্যায় ভুগতে থাকা ২২ বছরের এক যুবককে ৯ নভেম্বর ভিভাসিটি হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় বিশেষজ্ঞ চিকিৎসকরা ১১ নভেম্বর অস্ত্রোপচারের মাধ্যমে তাঁর কিডনি প্রতিস্থাপন করেন। হাসপাতাল সূত্রের দাবি, অস্ত্রোপচার সফল হয়েছে এবং রোগী বর্তমানে সুস্থ রয়েছেন।
ম্যানেজিং ডিরেক্টর, সিইও ও বিখ্যাত নেফ্রোলজিস্ট ডঃ প্রতিম সেনগুপ্ত জানিয়েছেন, “প্রথম প্রচেষ্টাতেই এই অসাধারণ সাফল্য মধ্যমগ্রাম ও আশপাশের এলাকার স্বাস্থ্যব্যবস্থার জন্য এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। রোগীকে ২৬ নভেম্বর সম্পূর্ণ সুস্থ অবস্থায় ছেড়ে দেওয়া হয়েছে, এটি একটি ইতিবাচক অগ্রগতি।”
১০০ শয্যা বিশিষ্ট এই হাসপাতালটি নেফ্রো কেয়ার ইন্ডিয়া লিমিটেডের উদ্যোগে গড়ে তোলা হয়েছে। এখানে আইসিইউ, এইচডিইউ, আরটিইউ, নিকু-সহ বিভিন্ন উন্নত চিকিৎসা পরিষেবা রয়েছে। রোগীদের জটিল পরিস্থিতি সামাল দিতে ক্রিটিক্যাল কেয়ারের জন্য বরাদ্দ রয়েছে ৩০টি বেড। পূর্ব ভারতে প্রথমবারের মতো অপারেশন থিয়েটার এবং আইসিইউ ব্যবস্থাপনায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারও শুরু করেছে ভিভাসিটি কর্তৃপক্ষ।
এই সফল কিডনি প্রতিস্থাপনের ফলে সাধারণ রোগীদের আর জটিল চিকিৎসার জন্য কলকাতায় ছুটতে হবে না বলে মনে করছেন চিকিৎসক মহল। হাসপাতাল সূত্রে জানান, স্থানীয় বাসিন্দাদের হাতের নাগালে উন্নত চিকিৎসা পৌঁছে দিতেই তাঁদের এই উদ্যোগ।






