কলকাতা

আবহাওয়ায় বড় বদল, রাজ্যজুড়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস

হাওয়া অফিসের তথ্য অনুযায়ী, পূর্ব উত্তরপ্রদেশ ও সংলগ্ন এলাকার উপর একটি ঊর্ধ্ববায়ু ঘূর্ণাবর্ত অবস্থান করছে।

Truth of Bengal: ভ্যাপসা গরম থেকে অবশেষে মুক্তি পেতে চলেছে রাজ্যবাসী। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ১৪ জুন পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আকাশে দেখা যেতে পারে বজ্রবিদ্যুতের ঝলকানি। পাশাপাশি ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে। ফলে আগামী কয়েকদিন আবহাওয়ার ক্ষেত্রে বড়সড় পরিবর্তনের ইঙ্গিত মিলেছে।

হাওয়া অফিসের তথ্য অনুযায়ী, পূর্ব উত্তরপ্রদেশ ও সংলগ্ন এলাকার উপর একটি ঊর্ধ্ববায়ু ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১.৫ কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত। ওই ঘূর্ণাবর্ত থেকে উত্তর উপকূলীয় অন্ধ্রপ্রদেশ ও ইয়ানাম পর্যন্ত, উত্তর-পূর্ব মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং ওড়িশার উপর দিয়ে একটি নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত রয়েছে। অন্যদিকে, পূর্ব বিহার থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ হয়ে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত আরও একটি নিম্নচাপ অক্ষরেখা সক্রিয় রয়েছে। এই কারণেই রাজ্যে বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে।

আজ থেকেই পশ্চিমবঙ্গের আবহাওয়ায় উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যেতে পারে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

বিশেষ করে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় বৃষ্টির সম্ভাবনা বেশি। এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

কেন এমন বৃষ্টি হচ্ছে, তার ব্যাখ্যাও দিয়েছে হাওয়া অফিস। আবহবিদদের মতে, বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প রাজ্যে প্রবেশ করছে। এর প্রভাবেই আগামী কয়েকদিন রাজ্যের বিভিন্ন জেলায় আকাশ মেঘলা থাকবে এবং দফায় দফায় বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। বিশেষ করে ১০ ও ১১ জুন বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বেশি। ১২ জুনও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় একই ধরনের আবহাওয়া বজায় থাকতে পারে। এই পরিস্থিতি ১৪ জুন পর্যন্ত চলতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এই জেলাগুলিতে ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া দফতর।

Related Articles