ট্রাম্পকে লক্ষ্য করে গুলিকাণ্ডে আততায়ীর পরিবার কী বলল ?
THE TRITH OF BENGAL : ট্রাম্পকে লক্ষ্য করে গুলির ঘটনায় এবার আততায়ীকে নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। টমাস ম্যাথু ক্রুকের পরিবারের তরফে এবার বলা হল তাদের ঘরের ছেলের ব্যাপারে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে আততায়ীর বাবা জানিয়েছেন- কী ভাবে তাঁদের ছেলে এই কাজ করল, তা বোঝার চেষ্টা করছেন। প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে কথা না বলা পর্যন্ত তিনি সবিস্তারে কিছু বলতে চান না বলেও জানান। তরুণটির মামাও এখনও ধোঁয়াশায় রয়েছেন। তবে ট্রাম্পের সভায় হামলা চালানো ওই তরুণ টমাস ম্যাথু ক্রুককে যাঁরা ছোটবেলা থেকে চেনেন, তাঁরা জানিয়েছেন, ছোট থেকেই একা থাকতে ভালবাসতেন তিনি।
স্কুলে তার কয়েক জন সহপাঠী সিএনএন-কে জানিয়েছেন, কারও সঙ্গেই মিশতে চাইতেন না ম্যাথু। রাজনীতিতেও তাঁর কোনও রকম উৎসাহ ছিল না। এই স্বভাবের জন্য ক্লাসের অন্য সহপাঠীরা তাঁকে উত্ত্যক্ত করতেন বলে জানানো হয়েছে। এক সহপাঠীর কথায়, “আমি তো ভাবতেই পারছি না ম্যাথু এই কাজ করেছে। ওর মতো শান্ত, মুখচোরা ছেলে এটা করল কী ভাবে?” প্রসঙ্গত, এফবিআইয়ের তরফে বলা হয়েছে, হামলাকারী বছর কুড়ির এক তরুণ। পুলিশ ও নিরাপত্তারক্ষীদের গুলিতে নিহত হন তিনি। তাঁর ছোড়া গুলিতে আরও এক ট্রাম্প সমর্থকের মৃত্যু হয়। দু’জন গুরুতর জখম হন।






