ট্রাম্পের ২৮ দফা প্রস্তাব, ইউক্রেনের স্বাধীনতা ও সামরিক ক্ষমতা কমানোর শর্তে উত্তেজনা
ইউরোপ, কানাডা এবং জাপানের নেতারা জানিয়েছেন, পরিকল্পনায় কিছু ইতিবাচক দিক থাকলেও দু’টি শর্তের কারণে তারা গুরুতর আপত্তি জানাচ্ছেন।
Truth Of Bengal: আমেরিকার মধ্যস্থতায় ইউক্রেন ও রাশিয়ার মধ্যে শান্তি স্থাপন এখনো সম্ভব হয়নি। প্রতিবারই আলোচনার প্রক্রিয়া ভেস্তে গেছে। এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনকে ২৮ দফার একটি খসড়া পরিকল্পনা পাঠিয়েছেন, যা যুদ্ধ থামানোর জন্য প্রস্তাবিত। তবে ট্রাম্প নিজেই জানিয়েছেন, এটি চূড়ান্ত সিদ্ধান্ত নয় এবং এখানে আলোচনার সুযোগ রয়েছে।
পরিকল্পনাটি ইউক্রেনের পশ্চিমা সমর্থকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। ইউরোপ, কানাডা এবং জাপানের নেতারা জানিয়েছেন, পরিকল্পনায় কিছু ইতিবাচক দিক থাকলেও দু’টি শর্তের কারণে তারা গুরুতর আপত্তি জানাচ্ছেন। খসড়া প্রস্তাবে বলা হয়েছে, ইউক্রেনকে দোনেৎস্ক, লুহানস্কসহ কিছু অঞ্চল রাশিয়ার হাতে ছেড়ে দিতে হবে। এছাড়াও, ইউক্রেনের সামরিক ক্ষমতা কমানো এবং ভবিষ্যতে ন্যাটো সামরিক জোটে যোগ না দেওয়ার শর্ত রাখা হয়েছে। পশ্চিমা সমর্থকরা মনে করছেন, এ ধরনের শর্ত ভবিষ্যতে ইউক্রেনকে আরও ঝুঁকির মধ্যে ফেলতে পারে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, আমেরিকা এই পরিকল্পনা মানার জন্য তাদের উপর চাপ দিচ্ছে। জেলেনস্কি বলেন, ইউক্রেন এখন তার ইতিহাসের সবচেয়ে কঠিন সময়ের মুখোমুখি। তিনি এই বিষয়ে আলোচনা করবেন, তবে দেশের সম্মান ও স্বাধীনতাকে বজায় রাখার চেষ্টা করবেন।
এ অবস্থায় রবিবার জেনেভায় একটি জরুরি বৈঠক ডাকা হয়েছে। ওই বৈঠকে আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি এবং ইউক্রেনের উচ্চপদস্থ কর্মকর্তারা অংশ নেবেন। ইউক্রেনকে এই মাসের ২৭ তারিখের মধ্যে তাদের সিদ্ধান্ত জানাতে হবে।






