দেশ

আলমোড়ায় সরকারি স্কুলের ঝোপ থেকে ১৬১ জিলেটিন স্টিক উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

বস্তা ও আশপাশের ঝোপ থেকে উদ্ধার হয় মোট ১৬১টি জিলেটিন স্টিক, যার মোট ওজন প্রায় ২০ কেজি।

Truth Of Bengal: দিল্লির লালকেল্লা মেট্রোর সামনে ভয়াবহ বিস্ফোরণের স্মৃতি এখনও তাজা। তার মধ্যেই উত্তরাখণ্ডের আলমোড়ায় একটি সরকারি স্কুলের ঝোপ থেকে উদ্ধার হল ১৬১টি জিলেটিন স্টিক। বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় ছড়াল চাঞ্চল্য। উঠছে প্রশ্ন—ফের কি বড়সড় নাশকতার ছক কষা হচ্ছিল?বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাটি প্রকাশ্যে আসে। সাল্ট এলাকার ডাবরা গ্রামের ওই সরকারি স্কুলের পড়ুয়ারা খেলার সময় ঝোপের পাশে একটি বস্তা দেখতে পায়। সন্দেহজনক মনে হওয়ায় তারা স্কুল কর্তৃপক্ষকে জানায়।

স্কুলের প্রিন্সিপাল সুভাষ সিংহ বিষয়টি পুলিশকে জানান।খবর পেয়ে মুহূর্তে ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশের দুই দল। এলাকা ঘিরে ফেলা হয়। পরে বোমা নিষ্ক্রিয়কারী দল ও ডগ স্কোয়াড এসে তল্লাশি চালায়। বস্তা ও আশপাশের ঝোপ থেকে উদ্ধার হয় মোট ১৬১টি জিলেটিন স্টিক, যার মোট ওজন প্রায় ২০ কেজি। কিছু স্টিক ঝোপ থেকে ২০ ফুট দূরেও ছড়িয়ে ছিল বলে জানিয়েছে পুলিশ।আলমোড়ার এসএসপি দেবেন্দ্র পিঞ্চা জানান, বিস্ফোরকগুলি কোথা থেকে এল এবং কী উদ্দেশ্যে আনা হয়েছিল—তা খতিয়ে দেখা হচ্ছে। তাঁর কথায়, এই বিস্ফোরক সাধারণত পাথর খাদানে ব্যবহার হয়। কিন্তু এ ভাবে লোকলয়ের মধ্যে এত বিপুল পরিমাণ জিলেটিন স্টিক পাওয়া উদ্বেগজনক।

নাশকতার কোনও উদ্দেশ্য ছিল কি না, সেটাও তদন্তে দেখা হবে। অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে ভারতীয় বিস্ফোরক আইনে এফআইআর দায়ের করেছে পুলিশ।প্রসঙ্গত, ৯ নভেম্বর হরিয়ানার ফরিদাবাদ থেকে ২৯০০ কেজি বিস্ফোরক উদ্ধার হওয়ার পরই দেশজুড়ে উদ্বেগ বাড়ে। তার পর দিন দিল্লির লালকেল্লা মেট্রোর সামনে গাড়িবোমা বিস্ফোরণে প্রাণ হারান ১৩ জন। ওই ঘটনায় আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের কয়েকজন চিকিৎসক গ্রেফতার হন। তদন্তকারীরা জানিয়েছেন, বিস্ফোরণের সূত্র ফরিদাবাদে উদ্ধার হওয়া বিস্ফোরকের সঙ্গেই মিলছে।এই প্রেক্ষিতে আলমোড়ায় স্কুলের কাছে বিস্ফোরক উদ্ধারের ঘটনা নতুন করে আতঙ্ক ছড়িয়েছে। তদন্তকারীরা এই পুরো ঘটনা নিয়ে শুরু করেছে তদন্ত।

Related Articles