আন্তর্জাতিক

ছুরি হাতে আততায়ীর দৌরাত্ম্যে কাঁপল তাইপে, নিহত ৩

এরপর নিকটবর্তী মেট্রোস্টেশনের বিপণিবিতানে প্রবেশ করে সেখানে থাকা মানুষের উপর ছুরি নিয়ে হামলা চালায়।

Truth Of Bengal: তাইওয়ানের রাজধানী তাইপের একটি বাণিজ্যিক এলাকায় ছুরি হাতে এক আততায়ীর তাণ্ডব ছড়িয়ে দেয়। এ হামলায় কমপক্ষে ৩ জনের মৃত্যু হয় এবং আরও ১১ জন গুরুতর আহত হন। ঘটনার সময় হামলাকারী মুখে মুখোশ পরেছিলেন এবং সাধারণ মানুষের উপর এলোপাথাড়ি ছুরি চালানোর পাশাপাশি স্মোক বোমা ও পেট্রোল বোমা নিক্ষেপ করেছিলেন।

পুলিশ জানায়, হামলাকারী প্রথমে তাইপের রেল স্টেশনে স্মোক বোমা ছোড়ে। এরপর নিকটবর্তী মেট্রোস্টেশনের বিপণিবিতানে প্রবেশ করে সেখানে থাকা মানুষের উপর ছুরি নিয়ে হামলা চালায়। হামলার পরে পুলিশ তাকে আটক করার চেষ্টা করলে হামলাকারী বহুতল থেকে লাফ দিয়ে আত্মঘাতী হন।

প্রধানমন্ত্রী হামলাকারীকে গ্রেফতার করার নির্দেশ দেন এবং পরের দিন সকালে প্রেসিডেন্ট লাই চিং-তে হাসপাতালে আহতদের দেখতে যান। তাইওয়ানের পুলিশ প্রধান চ্যাং জুং সিন জানিয়েছেন, হামলাকারীর নাম চ্যাং ওয়েন, বয়স ২৭ বছর এবং সে উত্তরাঞ্চলের তায়োয়ান শহরের বাসিন্দা। তদন্তে দেখা গেছে, হামলাটি একাই চালিয়েছিলেন তিনি।

ঘটনার পর প্রেসিডেন্ট জনবহুল এলাকায় নিরাপত্তা বাড়ানোর নির্দেশ দিয়েছেন। উল্লেখ্য, তাইওয়ানে এ ধরনের হিংসাত্মক হামলার ঘটনা খুবই বিরল। এর আগে ২০১৪ সালে তাইপেই মেট্রোতে একটি ছুরি হামলায় চারজন নিহত হয়েছিলেন, যা দেশজুড়ে আতঙ্ক সৃষ্টি করেছিল। ওই ঘটনায় অভিযুক্তকে পরে মৃত্যুদণ্ড দেওয়া হয়।

Related Articles