ব্রিটেনে ভয়াবহ ঝড় ‘বার্টে’র তাণ্ডব, ব্যাহত যোগাযোগ ব্যবস্থা, মৃত অন্তত ৫
Storm Barte wreaks havoc in Britain, disrupts communications, leaves at least 5 dead
Truth Of Bengal: ব্রিটেনে ভয়াবহ ঝড় বার্টের প্রভাবে মৃত্যু হয়েছে অন্তত পাঁচজনের। টানা বিদ্যুৎ বিভ্রাট, ট্রেন ও উড়ান বাতিলের কারণে বিপর্যস্ত সাধারণ জনজীবন। ওয়েলসের নদীগুলোর জল উপচে পড়ে নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়েছে। রাস্তায় জলে ভাসছে গাড়ি। ঝড়ের কারণে সৃষ্ট বিভিন্ন বিপর্যয়ের মুহূর্ত ছড়িয়ে পড়া ভিডিওগুলিতে উঠে এসেছে।
দক্ষিণ ইংল্যান্ডের উইনচেস্টারে ঝড়ে গাছ ভেঙে পড়ে ৬০ বছর বয়সি এক বৃদ্ধ মারা গিয়েছেন। নর্দাম্পটনশায়ারে আরও একজনের প্রাণ গেছে দুর্ঘটনায়। পশ্চিম ইয়র্কশায়ারে গাড়ির সংঘর্ষে মারা গিয়েছেন ৩৪ বছর বয়সি এক ব্যক্তি। ব্রিটিশ সংবাদমাধ্যম জানিয়েছে, আরও দুই মৃত্যুর খবর পাওয়া গেছে, তবে এসব দুর্ঘটনার সঙ্গে ঝড়ের সরাসরি যোগ আছে কিনা তা এখনও নিশ্চিত নয়।
হিথরো বিমানবন্দরে প্রায় ৩০০টি উড়ান বাতিল করা হয়েছে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে। গোটা ব্রিটেনে বাতিল হয়েছে প্রায় ১২০০টি উড়ান। লন্ডন ও ওয়েলসের মধ্যে বহু ট্রেন পরিষেবাও বন্ধ রয়েছে। এক্সেটার থেকে ওকেহাম্পটন ও বার্নস্টেপল রুটে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে।
ইউরোপের আবহাওয়া বিভাগ থেকে পাওয়া ৫৩টি রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১৩০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। মধ্য, দক্ষিণ ও পূর্ব ইংল্যান্ড, উত্তর আয়ারল্যান্ড এবং পশ্চিম স্কটল্যান্ডে আরও ভারী বৃষ্টিপাত ও ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।
তবে আবহাওয়াবিদরা জানিয়েছেন, মঙ্গলবার সকালে উত্তর-পশ্চিম ইংল্যান্ডের আকাশ পরিষ্কার হয়ে যাবে। কিন্তু ব্রিটেনের বাকি অংশে দুর্যোগ কাটতে বুধবার পর্যন্ত সময় লাগবে বলে আশঙ্কা করা হচ্ছে।
এমন ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে ব্রিটেনের জনজীবন কার্যত থমকে গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উদ্ধারকাজ চলছে।






