আন্তর্জাতিক

Myanmar Blast: মায়ানমারে প্যারাগ্লাইডার থেকে বিস্ফোরণ, ৪০ জনের মৃত্যু

সোমবার রাতে ওই বিস্ফোরণে অন্তত ৪০ জনের মৃত্যু হয়েছে, গুরুতর আহত আরও অন্তত ৪৭ জন। ঘটনায় এখনও পর্যন্ত উদ্ধারকাজ চলছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা  করা হচ্ছে।

Truth of Bengal: মায়ানমারের সাগিয়াং প্রদেশের চাউং উ শহরে বৌদ্ধ ধর্মাবলম্বীদের এক ধর্মীয় উৎসবের মধ্যে ভয়াবহ বিস্ফোরণ। সোমবার রাতে ওই বিস্ফোরণে অন্তত ৪০ জনের মৃত্যু হয়েছে, গুরুতর আহত আরও অন্তত ৪৭ জন। ঘটনায় এখনও পর্যন্ত উদ্ধারকাজ চলছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা  করা হচ্ছে। চাউং উ শহরে সোমবার রাতেই পালিত হচ্ছিল থাদিংগ্যুত পূর্ণিমা উৎসব, যেখানে কয়েকশো মানুষ উপস্থিত ছিলেন। প্রত্যক্ষদর্শীদের বয়ানে জানা গেছে, হঠাৎই একটি মোটরচালিত প্যারাগ্লাইডার থেকে ভিড়ের মধ্যে পরপর দু’টি বোমা ফেলা হয়। মুহূর্তের মধ্যে তীব্র বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা।এই প্রসঙ্গে মায়ানমারের নির্বাসিত সরকারের এক মুখপাত্র জানিয়েছেন, ‘পুরো ঘটনাটা মাত্র সাত মিনিটের মধ্যে ঘটে যায়। মানুষ কিছু বোঝার আগেই মৃত্যু ঘটে বহুজনের (Myanmar Blast)।’

বিস্ফোরণের তীব্রতায় বহু দেহ ছিন্নভিন্ন হয়ে যায়। স্থানীয় হাসপাতালগুলোতে আহতদের ভর্তি করা হলেও অনেকের অবস্থা আশঙ্কাজনক।ঘটনাস্থলের ভয়াবহ চিত্র এখনো কাটেনি ।  শহরের নানা প্রান্তে ছড়িয়ে রয়েছে দগ্ধ দেহ ও দেহাংশ। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে দেহ সংগ্রহ ও শনাক্তকরণের কাজ চলছে। মঙ্গলবার গণশেষকৃত্যের আয়োজন করা হয়েছে। চাউং উ শহরটি বর্তমানে বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকা, ‘পিপল্‌স ডিফেন্স ফোর্স (পিডিএফ)’-এর দখলে রয়েছে অঞ্চলটি। ফলে এই বিস্ফোরণের পর সরাসরি মায়ানমারের সামরিক জুন্টা সরকারের দিকে আঙুল উঠছে। স্থানীয়দের দাবি, বিদ্রোহী অধ্যুষিত এলাকায় ভয় দেখাতেই সরকারপন্থী বাহিনী এই হামলা চালিয়েছে।এর আগেও রাখাইন ও কাচিন প্রদেশে বিদ্রোহী ঘাঁটিতে প্যারাগ্লাইডার হামলার ঘটনা ঘটেছে, যার নেপথ্যে ছিল মায়ানমারের সেনাবাহিনী (Myanmar Blast)।

উল্লেখ্য, ২০২১ সালে অং সান সু চির গণতান্ত্রিক সরকারকে সরিয়ে ক্ষমতা দখল করে মায়ানমারের সামরিক জান্তা। তার পর থেকেই দেশজুড়ে চলছে সংঘর্ষ ও রক্তপাত। হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছে, বাস্তুচ্যুত হয়েছেন লক্ষাধিক মানুষ।সাম্প্রতিক সময়ে বিদ্রোহী গোষ্ঠীগুলির জোট ‘থ্রি ব্রাদারহুড অ্যালায়্যান্স’ সামরিক সরকারের বিরুদ্ধে লড়াই আরও তীব্র করেছে। যদিও ডিসেম্বর মাসে দেশে সাধারণ নির্বাচন আয়োজনের কথা জানিয়েছে জুন্টা সরকার। তারআগেই ধর্মীয় উৎসবের মধ্যে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় ছড়িয়েছে চাঞ্চল্য (Myanmar Blast)।

Related Articles