যুদ্ধ পরিস্থিতির মাঝেই টেক্সাসের তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ
বহু বাসিন্দা জানান, বিস্ফোরণের জেরে ঘরবাড়ির জানালার কাঁচ ভেঙে পড়ে এবং গোটা এলাকা কেঁপে ওঠে।
Truth Of Bengal: মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসে একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণে ছড়িয়েছে চাঞ্চল্য। স্থানীয় সময় সোমবার রাতে পোর্ট আর্থারের কাছে অবস্থিত একটি বৃহৎ শোধনাগারে পরপর বিস্ফোরণে কেঁপে ওঠে আশপাশের বিস্তীর্ণ এলাকা। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ও ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় আকাশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে পোর্ট আর্থার, গ্রোভস এবং নেডারল্যান্ড—এই তিনটি শহরেও তার অভিঘাত অনুভূত হয়। বহু বাসিন্দা জানান, বিস্ফোরণের জেরে ঘরবাড়ির জানালার কাঁচ ভেঙে পড়ে এবং গোটা এলাকা কেঁপে ওঠে। ঘটনার পর প্রশাসনের পক্ষ থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয়। জানা গিয়েছে, সংশ্লিষ্ট শোধনাগারটিতে প্রতিদিন কয়েক লক্ষ ব্যারেল অপরিশোধিত তেল পরিশোধনের কাজ হয়। বিস্ফোরণের পর দ্রুত দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করে। এখনও পর্যন্ত এই ঘটনায় কোনও হতাহতের খবর মেলেনি।
তবে কী কারণে এই বিস্ফোরণ ঘটল, তা এখনও স্পষ্ট নয়। প্রশাসন সূত্রে প্রাথমিকভাবে এটিকে দুর্ঘটনা বলেই মনে করা হলেও, সমস্ত সম্ভাবনাই খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে। এদিকে পশ্চিম এশিয়ায় চলতে থাকা সামরিক উত্তেজনার আবহে এই বিস্ফোরণকে ঘিরে জল্পনা দানা বাঁধছে। বিশেষত ইরানকে ঘিরে মার্কিন হুঁশিয়ারি ও পাল্টা হুমকির প্রেক্ষিতে প্রশ্ন উঠছে—এটি কি নিছক দুর্ঘটনা, নাকি এর নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে? যদিও মার্কিন প্রশাসনের তরফে এখনও পর্যন্ত কোনও নাশকতার তত্ত্বের পক্ষে সুনির্দিষ্ট প্রমাণ মেলেনি। বিশেষজ্ঞদের মতে, এই ধরনের বড় শোধনাগারে আগুন লাগলে তা দীর্ঘমেয়াদে জ্বালানি সরবরাহ ব্যবস্থার উপর প্রভাব ফেলতে পারে। ফলে পরিস্থিতির উপর নজর রাখছে প্রশাসন।






