Sanae Takaichi: জাপানের প্রথম প্রধানমন্ত্রী সানাই তাকাইচিকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী মোদি
সানাই তাকাইচির রাজনৈতিক দর্শন প্রয়াত প্রধানমন্ত্রী শিনজো আবের মতোই রক্ষণশীল।
Truth of Bengal: জাপানের রাজনীতিতে এক ঐতিহাসিক মুহূর্ত। দেশের ১০৪তম প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিতে চলেছেন সানাই তাকাইচি। সেইসঙ্গে প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে ইতিহাস গড়লেন তিনি। মঙ্গলবার পার্লামেন্টের নিম্নকক্ষে সংখ্যাগরিষ্ঠতার সমর্থন পেয়েছেন সানাই। ফলে আনুষ্ঠানিকভাবেই জোট সরকারের নেতৃত্বে জাপানের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন এই রক্ষণশীল নেত্রী। গত তিন মাস ধরে রাজনৈতিক অস্থিরতার মধ্যে রয়েছে জাপান। জুলাই মাসের নির্বাচনে লিবারাল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) সংখ্যাগরিষ্ঠতা হারালেও, দক্ষিণপন্থী অন্যান্য দলগুলির সঙ্গে জোট বেঁধে ফের ক্ষমতায় আসে। এরপর প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা পদত্যাগ করলে নতুন নেতা নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়। শেষ পর্যন্ত এলডিপির প্রার্থী সানাই তাকাইচিই জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন (Sanae Takaichi)।
সানাই তাকাইচির রাজনৈতিক দর্শন প্রয়াত প্রধানমন্ত্রী শিনজো আবের মতোই রক্ষণশীল। জাপানের রাজনৈতিক মহলে তাঁকে অনেকেই ‘আবের উত্তরসূরি’ হিসেবেই দেখছেন। আন্তর্জাতিক পর্যায়ে তিনি তাইওয়ানের স্বাধীনতার পক্ষে সওয়াল করেছেন, আবার দেশে সমলিঙ্গ বিবাহ ও দম্পতিদের আলাদা পদবির প্রস্তাবের বিরোধিতা করেছেন। নিজেকে প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচারের অনুপ্রেরণায় গড়া রাজনীতিক হিসেবেও দাবি করেছেন সানাই, যার ফলে তাঁকে অনেকে জাপানের ‘আয়রন লেডি’ বলেও অভিহিত করছেন।রাজনীতিতে প্রবেশের আগে সাংবাদিকতা করতেন সানাই তাকাইচি। পরবর্তীতে ধীরে ধীরে জাপানের জাতীয় রাজনীতির গুরুত্বপূর্ণ মুখ হয়ে ওঠেন তিনি। দীর্ঘদিন ধরে দক্ষিণপন্থী রাজনীতির সক্রিয় মুখ হিসেবে পরিচিত সানাই, যিনি দেশের সাংবিধানিক পরিবর্তন, জাতীয় নিরাপত্তা এবং প্রতিরক্ষা ক্ষেত্রে কঠোর অবস্থানের পক্ষে জোরাল মত দিয়েছেন (Sanae Takaichi)।
জাপানের এই ঐতিহাসিক ঘটনার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক্স হ্যান্ডেলে সানাই তাকাইচিকে অভিনন্দন জানিয়েছেন। জাপানি ভাষায় লেখা তাঁর বার্তায় মোদি বলেন, জাপানের প্রধানমন্ত্রী হওয়ার জন্য সানাই তাকাইচিকে আন্তরিক অভিনন্দন। ভারত-জাপানের সম্পর্ককে আরও দৃঢ় করতে আপনার সঙ্গে কাজ করতে আগ্রহী। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি, স্থিতাবস্থা ও উন্নতির জন্য ভারত-জাপান অংশীদারিত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। সানাই তাকাইচির প্রধানমন্ত্রী পদে আরোহন জাপানে নারী নেতৃত্বের এক নতুন অধ্যায়ের সূচনা করল। বহু দশক ধরে পুরুষপ্রধান রাজনীতিতে এবার এক নারীর হাতে উঠল জাপানের সর্বোচ্চ প্রশাসনিক নেতৃত্বের দায়িত্ব (Sanae Takaichi)।






