খেলা

এএফসি এশিয়ান কাপ চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ খেলতে গোয়ায় পৌঁছল রোনাল্ডোহীন আল নাসের

গোয়ায় পৌঁছে মঙ্গলবার দুপুরেই সাংবাদিক সম্মেলনে উপস্থিত হয়েছিলেন আল নাসেরের ম্যানেজার জর্জ জেসুস।

Truth Of Bengal: এএফসি চ্যাম্পিয়ন্স লিগ-২র ম্যাচ খেলতে গত সোমবার গভীর রাতে গোয়ায় পৌঁছল সৌদির ক্লাব আল নাসের। কিন্তু এই দলের সঙ্গে এলেন না পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। আগামী ২২ তারিখ গোয়ার ফতোদারা স্টেডিয়ামে আয়োজিত ম্যাচে মানালো মার্কওয়েজের দল এফসি গোয়ার মুখোমুখি হবে এফসি গোয়া। তবে রোনাল্ডো বোরহা-সন্দেশদের বিপক্ষে ম্যাচ খেলতে ভারতে না এলেও দলের সঙ্গে এসেছেন আর এক নির্ভরযোগ্য খেলোয়াড় সাদিও মানে।

গোয়ায় পৌঁছে মঙ্গলবার দুপুরেই সাংবাদিক সম্মেলনে উপস্থিত হয়েছিলেন আল নাসেরের ম্যানেজার জর্জ জেসুস। এই ম্যাচে সিআর সেভেন কেন এলেন না সেই সম্বন্ধে বলতে গিয়ে সৌদির ক্লাবটির কোচ জানান, ‘ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে গোয়া ম্যাচের জন্য দলের সঙ্গে নিয়ে আসা হয়নি, তার কারণ হচ্ছে রিয়াদে সৌদি প্রো লিগের পরবর্তী ম্যাচ রয়েছে আল নাসেরর। সেই কারণে ওই ম্যাচের জন্য তাঁকে এই ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছে।’

তবে রোনাল্ডোহীন এই ম্যাচে এফসি গোয়ার বিপক্ষে তাঁর দল কিরকম তৈরি সেই সম্বন্ধে বলতে গিয়ে জেসুস বলেন, ‘ক্রিশ্চিয়ানো রোনাল্ডো দলের সঙ্গে আসেননি তাই নিয়ে আমাদের চিন্তা নেই। কেননা সাদিও মানে, জোয়াও ফেলিক্স, মার্টিনেজরা আছেন। আশাকরি তাঁরাই আমাদের গোয়া ম্যাচ জিততে সাহায্য করবেন। আশাকরি ম্যাচটি যথেষ্ট উত্তেজনাপূর্ণ হবে। এবং আমরা আশাবাদী ম্যাচ থেকে পুরো পয়েন্ট নিয়েই ঘরে ফিরতে পারব।’

অপর দিকে এফসি গোয়ার কোচ মানালো মার্কওয়েজ বলেন, ‘সৌদির ক্লাবটি বর্তমানে এই গ্রুপের অন্যতম সেরা একটি দল। যেহেতু আমাদের ঘরের মাঠে খেলা, সে কারণে শক্তিশালী প্রতিপক্ষ হলেও আমার দল পজিটিভ চিন্তাধারা নিয়েই মাঠে নামব। সাদিও মানেদের বিপক্ষে জিততে না পারলেও চেষ্টা করব যাতে অন্তত ড্র করা যায়। কেননা এমন শক্তিশালী দলের বিরুদ্ধে ড্র করাটাও মুখের কথা নয়।’

এই ম্যাচে অবশ্যই যে তাঁর প্রতিপক্ষ দল আল নাসের এগিয়ে রয়েছে তাও স্বীকার করেন মানালো। তিনি বলেন,  ‘ওরা ধারে ও ভারে অত্যন্ত শক্তিশালী। ওদের দলে অনেক বিশ্বমানের খেলোয়াড় আছেন, যাঁরা যে কোনও সময় ম্যাচের ফল পাল্টে দিতে পারেন। কাজেই এমন দলের বিপক্ষে মাঠে নেমে লড়াই করাটাও মুখের কথা নয়।’

মানালোর দল চোটের কারণে পাবে না স্প্যানিশ ফরোয়ার্ড ইকার গুয়ারোটক্সেনা ও মহম্মদ ইয়াসিরকে। সে কথাও সাংবাদিক সম্মেলনে জানালেন মানালো।