তালিবান সরকারের সঙ্গে সম্পর্ক বাড়াতে কাবুলে ইরানের বিদেশমন্ত্রী
Iran's foreign minister in Kabul to improve relations with the Taliban government
Truth Of Bengal: আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদার করতে রবিবার কাবুল সফর করেছেন ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি। তালিবান সরকারের বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠকে দুই দেশের সম্পর্কোন্নয়নের ওপর জোর দিয়েছে উভয় পক্ষ। ২০২১ সালে তালিবান সরকার ক্ষমতায় আসার পর ইরানের সর্বোচ্চ পর্যায়ের কোনও নেতা কাবুল সফর করলেন। যা দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে বেশ তাৎপর্য বহন করে। রবিবার একদিনের সফরে কাবুলে আসেন ইরানের বিদেশমন্ত্রী। সেখানে তিনি বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি এবং তালিবান সরকারের প্রধানমন্ত্রী হাসান আখুন্দের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে অভিবাসন এবং জল সম্পদ নিয়ে আলোচনা করেন তাঁরা। এছাড়া দুই দেশের বিরোধপূর্ণ বিভিন্ন বিষয়ের ওপর জোর দিয়েছেন ইরান ও আফগানিস্তানের মন্ত্রীরা। আফগান বিদেশমন্ত্রকের দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, অর্থনৈতিক সহযোগিতা, ইরানে আফগান অভিবাসীদের পরিস্থিতি, সীমান্ত সমস্যা এবং জল অধিকার নিয়ে আলোচনা করেছে উভয় দেশ।
অন্যদিকে ইরানও বিবৃতিতে এ বিষয়গুলি তুলে ধরেছে। তেহরান বিবৃতিতে জানিয়েছে, আফগান বিদেশমন্ত্রীর সঙ্গে নিজের আলোচনায় আরাঘচি দুই দেশের অর্থনৈতিক, বাণিজ্য এবং রাজনৈতিক সম্পর্কের প্রশংসা করেছেন। ইরান আশা করছে, কাবুলে ইরানের সর্বোচ্চ পর্যায়ের কোনও নেতার এই সফর দুই দেশের সম্পর্ক সম্প্রসারণে কার্যকর ভূমিকা রাখবে।
মার্কিন-সমর্থিত সরকারকে উৎখাত করে কাবুলের ক্ষমতা দখল করে নেয় তালিবানরা। এরপর থেকে অনেক দেশ তালিবানদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক শেষ করলেও ইরান তাদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক জোরদার করার চেষ্টা করছে। যদিও আনুষ্ঠানিকভাবে তালিবান সরকারকে এখনও স্বীকৃতি দেয়নি ইরান।






