আন্তর্জাতিক

নাইজেরিয়ায় পেট্রোলের ট্যাঙ্কার উলটে ভয়াবহ বিস্ফোরণ, মৃত শতাধিক

In Nigeria, a petrol tanker overturned and a terrible explosion killed hundreds

Truth Of Bengal : পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় একটি মারাত্মক দুর্ঘটনায় কমপক্ষে ১০৫ জন প্রাণ হারিয়েছেন। উত্তর নাইজেরিয়ার জিগাওয়া প্রদেশের মাজিয়া শহরের একটি হাইওয়েতে একটি পেট্রল বোঝাই ট্যাঙ্কার উলটে গেলে ঘটে এই ভয়াবহ বিস্ফোরণ।

জানা যায়, মঙ্গলবার মধ্যরাতে ট্যাঙ্কারটি রাস্তার পাশে উলটে পড়ে। এর ফলে গোটা রাস্তায় পেট্রল ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে এসে জ্বালানি লুট করার চেষ্টা করছিলেন, ঠিক তখনই ট্যাঙ্কারটিতে বিস্ফোরণ ঘটে। আগুনে ঝলসে ঘটনাস্থলেই ৯৭ জন নিহত হন, পরে হাসপাতালে আরও ৮ জনের মৃত্যু হয়। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর, তাই মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে প্রশাসন।

নাইজেরিয়া পুলিশের মুখপাত্র লাওয়ান শিসু অ্যাডাম জানিয়েছেন, ট্যাঙ্কারটির চালক একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ এড়াতে গিয়ে নিয়ন্ত্রণ হারান, যার ফলস্বরূপ দুর্ঘটনা ঘটে। পুলিশ, দমকল ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে, কিন্তু আগুনের তাণ্ডবে অনেকের প্রাণহানির ঘটনা ঘটে।

উল্লেখ্য, নাইজেরিয়ায় নিয়মিতভাবে এমন প্রাণঘাতী দুর্ঘটনা ঘটে। গত মাসেই নাইজার প্রদেশে একটি জ্বালানি ট্যাঙ্কারের সঙ্গে ট্রাকের সংঘর্ষের ফলে বিস্ফোরণে ৪৮ জনের মৃত্যু হয়েছিল। এ ধরনের ঘটনাগুলি দেশটির সড়ক নিরাপত্তার সংকটকে তুলে ধরছে।

Related Articles