আন্তর্জাতিক

ফের ইন্দোনেশিয়ায় ভূমিকম্প, বান্দা সাগরে জোরাল কম্পন

সমুদ্রে সুনামির কোনও চিহ্ন নেই বলে জানিয়েছে ইন্দোনেশিয়ার আবহাওয়া দপ্তর।

Truth Of Bengal: আবারও ভূমিকম্প দেখল ইন্দোনেশিয়া। দুই সপ্তাহের ব্যবধানে ফের বান্দা সাগরে অনুভূত হল জোরাল কম্পন। ৬.৬ রিখটার স্কেলে তার মাত্রা। যদিও এর জেরে কারোর মৃত্যু হয়নি। তবে প্রথমে মনে করা হচ্ছিল যে সুনামি হতে পারে। তবে বিশেষজ্ঞদের তরফ থেকে খারিজ করে দেওয়া হয় এই আশঙ্কা। তবে এমনটা হওয়ায় বেশ আতঙ্কিত হয়েছেন স্থানীয় বাসিন্দারা।

‘জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস’এর তরফ থেকে জানানো হয়েছে যে বান্দা এলাকার সমুদ্রতল থেকে ৮৫ মাইল গভীরে ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল। বিশেষজ্ঞদের মতে, ইন্দোনেশিয়ার জটিল ‘টেকটনিক সেটিং’এর কারণে প্রায়ই সেখানে ভূমিকম্প হয়। বিশেষ করে বান্দা সাগর অঞ্চলটি কেন্দ্রস্থল একাধিক টেকটনিক প্লেটের। পৃথিবীর ভূ-তলকে একাধিক ছোট প্লেট এবং মাইক্রোপ্লেটে ভাগ করেছে এই মিথস্ক্রিয়া। সমুদ্রে সুনামির কোনও চিহ্ন নেই বলে জানিয়েছে ইন্দোনেশিয়ার আবহাওয়া দপ্তর।

প্রসঙ্গত, এর আগে পাপুয়া প্রদেশে ভূমিকম্প হয়েছিল চলতি মাসের ১৬ তারিখে, যার কেন্দ্রস্থল ছিল প্রায় ২০০ কিলোমিটার দূরের এক জায়গায় আবেপুরা শহর থেকে। রিখটার স্কেলে সেই মাত্রা ছিল ৬.৭ এবং উৎসস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ৪৩.৫ মাইল গভীরে। এর জেরে কিছু বাড়িঘরের ক্ষতি হয়। তবে কারোর প্রাণহানি হয়নি।