প্রেমের টানে বিদেশভ্রমণ! সিঙ্গলদের জন্য অভিনব সুযোগ নিয়ে হাজির ফিনল্যান্ড
ফিনল্যান্ড’ সম্প্রতি চালু করেছে এক অভিনব উদ্যোগ
Truth of Bengal: একদিকে বরফে ঢাকা মনোরম প্রাকৃতিক সৌন্দর্য, অন্যদিকে সুস্বাদু খাবারের বাহার! আর এই দুয়ের মাঝেই যদি খুঁজে পাওয়া যায় মনের মানুষকে? প্রেমের সন্ধানে এবার বিদেশভ্রমণের এমনই অভিনব সুযোগ নিয়ে হাজির ফিনল্যান্ড। তাও আবার নিজের পকেটের একটি টাকাও খরচ করতে হবে না! বিমানভাড়া থেকে শুরু করে থাকা-খাওয়া, যাবতীয় দায়িত্ব নেবে খোদ ফিনল্যান্ডের পর্যটন বোর্ড। শুধু তাই নয়, ভ্রমণের পাশাপাশি মিলবে স্থানীয় সিঙ্গলদের সঙ্গে পরিচিত হওয়ার এবং ডিনার ডেটে যাওয়ার সুযোগও।
বিশ্বের অন্যতম সুখী দেশ ফিনল্যান্ডের পর্যটন বোর্ড ‘ভিজিট ফিনল্যান্ড’ সম্প্রতি চালু করেছে এক অভিনব উদ্যোগ, যার নাম ‘ফিনিশ ডিনার ডেট’। এই বিশেষ কর্মসূচিতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বেছে নেওয়া হবে মোট ১৬ জন অবিবাহিত বা সিঙ্গল ব্যক্তিকে। আগামী ৯ থেকে ১৯ ফেব্রুয়ারি হেলসিঙ্কি ও তাম্পেরে শহরে কাটবে তাঁদের বিশেষ সময়। ফিনল্যান্ডের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের পাশাপাশি স্থানীয় সিঙ্গলদের সঙ্গে আলাপ, আড্ডা এবং ডিনার ডেটে অংশ নেওয়ার সুযোগ পাবেন তাঁরা। অর্থাৎ, বেড়াতে গিয়ে যদি প্রেমও জুটে যায়, তাহলে তো সোনায় সোহাগা!
কীভাবে মিলবে এই সুবর্ণ সুযোগ?
এর জন্য প্রথমেই ইংরেজিতে নিজের পরিচয় দিয়ে একটি ভিডিও তৈরি করতে হবে। তবে শুধু নিজের পরিচয় দিলেই চলবে না। ভিডিওতে জানাতে হবে, মনের মানুষের সঙ্গে ডিনার ডেটে গেলে তাঁকে কোন খাবার খাওয়াতে চাইবেন এবং কেন সেই খাবারই আপনার পছন্দ। নিজের ব্যক্তিত্ব ও রসবোধ ফুটিয়ে তোলারও সুযোগ থাকছে এই ভিডিওতে।
এরপর সেই ভিডিও টিকটক, ইনস্টাগ্রাম অথবা ইউটিউব অ্যাকাউন্টে আপলোড করতে হবে। সঙ্গে ব্যবহার করতে হবে ‘Finnish Dinner Date’ হ্যাশট্যাগ। ১৮ বছরের বেশি বয়সিরা এই প্রতিযোগিতায় আবেদন করতে পারবেন। আগামী ১০ নভেম্বর ফিনল্যান্ডের স্থানীয় সময় সকাল ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ভিডিও জমা দেওয়ার সুযোগ রয়েছে। ১ ডিসেম্বর ১৬ জন বিজয়ীর নাম ঘোষণা করবে ‘ভিজিট ফিনল্যান্ড’। তবে ফিনল্যান্ডের নাগরিকরা এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন না।
প্লেটে থাকবে সুস্বাদু খাবার, আর ডেটে জমবে প্রেমের আড্ডা!
এই আয়োজনের অন্যতম আকর্ষণ নিঃসন্দেহে খাবার। ফিনল্যান্ডের সেরা রাঁধুনিদের তৈরি বিশেষ মেনুতে থাকছে ওয়াইল্ড ফিশ, বিভিন্ন ধরনের বেরি-সহ একাধিক স্থানীয় সুস্বাদু পদ। খাবারের টেবিলেই চলবে পরিচয় পর্ব, গল্প, আড্ডা আর একে অপরকে চেনার পালা। ফিনল্যান্ডের স্থানীয় সিঙ্গলদের সঙ্গে সময় কাটানোর সুযোগও পাবেন প্রতিযোগীরা। সবচেয়ে বড় কথা, এই গোটা সফরের জন্য বিমানভাড়া, থাকা এবং খাওয়াদাওয়ার কোনও খরচই বহন করতে হবে না নির্বাচিত ১৬ জনকে। অর্থাৎ, বিনামূল্যে বিদেশভ্রমণের পাশাপাশি জীবনের বিশেষ কাউকে খুঁজে পাওয়ার হাতছানি! এতদিন ডেটিং অ্যাপে মনের মানুষের খোঁজ করেও যাঁরা হতাশ, তাঁদের কাছে ফিনল্যান্ডের এই উদ্যোগ নিঃসন্দেহে এক অন্যরকম সুযোগ। কে বলতে পারে, ফেব্রুয়ারির এই সফরই হয়তো কারও জীবনে এনে দেবে নতুন প্রেমের বসন্ত!


