আন্তর্জাতিক

Donald Trump: ট্রাম্প বললেন, মোদি আমার বন্ধু! ২০২৬ সালে ভারত সফর করতে পারেন তিনি

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তাঁর নিয়মিত যোগাযোগ রয়েছে বলেও জানান তিনি। সেই সঙ্গে ইঙ্গিত দেন, আগামী বছর ভারত সফরে আসতে পারেন তিনি।

Truth of Bengal: ভারত-আমেরিকার সম্পর্কের টানাপোড়েন সামলে ফের উন্নত হচ্ছে দুই দেশের কূটনৈতিক সমীকরণ। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানালেন, রাশিয়া থেকে তেল আমদানি অনেকটাই কমিয়েছে ভারত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তাঁর নিয়মিত যোগাযোগ রয়েছে বলেও জানান তিনি। সেই সঙ্গে ইঙ্গিত দেন, আগামী বছর ভারত সফরে আসতে পারেন তিনি। ওভাল অফিসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘ মোদি রাশিয়া থেকে তেল কেনা অনেকটাই বন্ধ করে দিয়েছেন। উনি আমার বন্ধু, মাঝেমধ্যেই কথা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অসাধারণ মানুষ। উনি চান আমি যেন ভারতে যাই। আমরা কথা বলে সব ঠিক করব।‘

এরপরেই যখন তাঁকে প্রশ্ন করা হয়  তাহলে কি ২০২৬ সালে ভারত সফরে দেখা যাবে ট্রাম্পকে? প্রেসিডেন্টের উত্তর, ‘হ্যাঁ, হতেই পারে।’ এর আগেও ভারত সম্পর্কে প্রশংসা করেছিলেন ট্রাম্প। মাত্র দশদিন আগে তিনি বলেছিলেন,ভারতের সঙ্গে আমি বাণিজ্যচুক্তি স্বাক্ষর করতে চাই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি আমার শ্রদ্ধা ও ভালোবাসা আছে। আমাদের সম্পর্ক দারুণ। মোদির নেতৃত্বে ভারত দ্রুত এগোচ্ছে।হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিটও জানিয়েছেন, ট্রাম্প প্রশাসন ভারতের সঙ্গে সম্ভাব্য বাণিজ্যচুক্তি নিয়ে আশাবাদী। নয়াদিল্লিও এ বিষয়ে ইতিবাচক মনোভাব দেখিয়েছে, যদিও বহু আলোচনার পরও এখনও সেই চুক্তি চূড়ান্ত হয়নি।অন্যদিকে, কয়েক সপ্তাহ আগে ট্রাম্প দাবি করেছিলেন, ভারত রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ করতে রাজি হয়েছে।

যদিও নয়াদিল্লি সেই দাবি অস্বীকার করে। তবে রয়টার্সের রিপোর্ট অনুযায়ী, ভারতের বৃহত্তম রুশ তেল আমদানিকারক রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ ইতিমধ্যেই রুশ তেল কেনা অনেকটাই কমিয়ে দিয়েছে। সরকার নিয়ন্ত্রিত কয়েকটি তেল শোধনাগারও একই পথে হাঁটতে পারে বলে ধারণা।সব মিলিয়ে, রুশ তেল কেনা কমানো থেকে শুরু করে বাণিজ্যচুক্তি পর্যন্ত— সাম্প্রতিক সময়ে ভারত-আমেরিকার সম্পর্ক যে ফের সহযোগিতার নতুন অধ্যায়ে প্রবেশ করছে, বৃহস্পতিবার ট্রাম্পের মন্তব্যে সে ইঙ্গিতই আরও স্পষ্ট হল।

Related Articles