রাজ্যের পরিস্থিতি পরিবর্তন করতে চান না প্রধানমন্ত্রী? বিস্ফোরক বক্তব্য অভিজিৎ-এর
এছাড়া হিন্দি বলয়ের নেতাদের বাংলায় ভোটপ্রচারের জন্য আসা নিয়েও মুখ খোলেন তিনি।
দেবজিৎ মুখার্জি, কলকাতা: বিধানসভা নির্বাচনের দিকে এগোচ্ছে বাংলা। আর কিছুদিন পরই রাজ্যবাসীরা রাস্তায় নামবেন সরকার বেছে নিতে। এই আবহাওয়ায় বিস্ফোরক মন্তব্য করে বসলেন কলকাতা হাই কোর্টের প্রাক্তন বিচারপতি, তথা বিজেপি সাংসদ, অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কী বললেন তিনি? তাঁর বক্তব্য, যেভাবে কাজকর্ম করছে মোদি সরকার, তাতে মনে হচ্ছে না তারা রাজ্যের বর্তমান পরিস্থিতি বদলাতে চায়।
এক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকারে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, “পশ্চিমবঙ্গের এই পরিস্থিতির বদল করতে চায় না কেন্দ্র, আমার তাদের অ্যাকশন দেখে মনে হয়েছে। কেন ৩৫৫ ধারা জারি করা হবে না বাংলার মতো এক প্রশাসনহীন রাজ্যে। এটা আমার এক বিরাট প্রশ্ন।” পাশাপাশি, মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতা থেকে সরানো প্রসঙ্গেও তিনি নিজের অবস্থান জানান। বিজেপি সাংসদ বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতাচ্যুত করার উদ্দেশ্য নিয়ে আমি যোগ দিয়েছিলাম বিজেপিতে এবং ভোটে দাঁড়িয়েছিলাম। কিন্তু এখনও তার কাছাকাছিও পৌঁছাতে পারিনি। এর দায় মূলত কেন্দ্রেরই। কিছু করেনি কেন্দ্র সরকার এর জন্য।”
এছাড়া হিন্দি বলয়ের নেতাদের বাংলায় ভোটপ্রচারের জন্য আসা নিয়েও মুখ খোলেন তিনি। অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, “ওনারা বোঝেন না বাংলার মানুষের মন। এখানকার জলহাওয়া বা মানুষ মেলে না উত্তর ভারতের সঙ্গে। এভাবে নেতা পাঠিয়ে ভোট করে জেতা যাবে, এটা অবাস্তব চিন্তা।” বিজেপি সাংসদের এমন মন্তব্যে জেরে যে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে অস্বস্তিতে পড়বে গেরুয়া শিবির, তা না বললেও চলে। এক্ষেত্রে দেখার যে কিভাবে ভোটের আগে পরিস্থিতি সামাল দেওয়া হয় বিজেপির তরফ থেকে।






