বিগ বসের ঘরে তুলকালাম! মনামীর এক ধমকে অঝোরে কাঁদলেন ঝিলম, নেপথ্যে ‘কলার খোসা’?
শেষ পর্যন্ত চোখের জল ধরে রাখতে পারলেন না ঝিলম
Truth of Bengal: বিগ বস বাংলা’র ঘরে শান্তি যেন এখন দুর্লভ! প্রতিদিনই নতুন কোনও ঝামেলা, ঠাট্টা কিংবা মনোমালিন্য ঘিরে জমে উঠছে শো। এবার আলোচনার কেন্দ্রে অভিনেত্রী মনামী ঘোষ এবং কনটেন্ট ক্রিয়েটর ঝিলম গুপ্ত। মজা করতে গিয়েই এমন পরিস্থিতি তৈরি হল, শেষ পর্যন্ত চোখের জল ধরে রাখতে পারলেন না ঝিলম। ঘটনার শুরু একেবারেই হালকা মেজাজে। দুর্নিবার এবং ঝিলম অন্য প্রতিযোগীদের নিয়ে হাসিঠাট্টা করছিলেন। ‘ক্যাপ্টেন’ ভরত কলকে দেখে ঝিলম মজার ছলে তাঁকে ‘তেলের কৌটো’ বলে বসেন। তবে বিষয়টি বেশ হালকাভাবেই নেন ভরত। বরং মন্তব্য শুনে হাসতে দেখা যায় তাঁকেও।
এরপর ঝিলমের নজর যায় মনামী ঘোষের দিকে। ‘বিগ বস বাংলা’র ঘরে মনামীর ফ্যাশন স্টেটমেন্ট এমনিতেই আলাদা করে নজর কাড়ে। ওইদিন তাঁর পরনে ছিল সাদা ফুলহাতা টপ এবং হলুদ স্কার্ট। সেই পোশাক দেখেই ঝিলম মজা করে বলে বসেন, মনামীকে দেখে নাকি মনে হচ্ছে বিদেশ থেকে আনা সুন্দর একটি কলার খোসা খুলে স্কার্ট হিসেবে পরে নিয়েছেন তিনি! মন্তব্য শুনে ঘরে থাকা অনেকেই হেসে ফেলেন। প্রথমে মনামীও বিষয়টি মজার ছলেই নেন। এমনকি নিজেই বলেন, তাঁর টপটি কলার মতো আর স্কার্টটি খোসার মতো দেখাচ্ছে। ফলে মনে হচ্ছিল, সবটাই নিছক মশকরা। কিন্তু কিছুক্ষণের মধ্যেই বদলে যায় পরিবেশ। মনামী আচমকাই স্পষ্ট জানিয়ে দেন, এই ধরনের ‘ফালতু মজা’ তাঁর মোটেই পছন্দ নয়। অভিনেত্রীর এই কড়া প্রতিক্রিয়ায় অপ্রস্তুত হয়ে পড়েন ঝিলম। তাঁর মন খারাপ হয়ে যায় এবং শেষ পর্যন্ত কেঁদে ফেলেন তিনি।
ঝিলমকে ভেঙে পড়তে দেখে পাশে দাঁড়ান সোনামনি এবং সৃজলা। তাঁরা তাঁকে নিজের মতো করে মত প্রকাশ করার পরামর্শ দেন। তাঁদের বক্তব্য, কোনও কিছু দেখে যদি সত্যিই ‘কলার খোসা’ মনে হয়, তাহলে সেটাই বলা উচিত। এই কথার পর আরও আবেগপ্রবণ হয়ে পড়েন ঝিলম। ছোটবেলায় কীভাবে তাঁকে নানা ধরনের কটাক্ষ এবং বিদ্রুপের মুখে পড়তে হয়েছিল, সেই অভিজ্ঞতার কথাও সকলের সামনে তুলে ধরেন তিনি। একদিকে মনামীর বিরক্তি, অন্যদিকে ঝিলমের কান্না—সব মিলিয়ে ‘বিগ বস বাংলা’র ঘরে নতুন করে তৈরি হয়েছে উত্তেজনা। মজা কোথায় শেষ হয় আর অপমান কোথা থেকে শুরু—এই প্রশ্ন নিয়েই এখন সোশ্যাল মিডিয়ায় তুমুল আলোচনা। আর সেই বিতর্কই আরও বাড়িয়ে দিচ্ছে শো নিয়ে দর্শকদের আগ্রহ।


