আন্তর্জাতিক

প্রয়োজনে পাল্টা পদক্ষেপ, অতিরিক্ত শুল্ক চাপানো নিয়ে আমেরিকাকে হুঁশিয়ারি চিনের

প্রসঙ্গত, অতিরিক্ত শুল্ক চাপানোর জেরে নভেম্বরের ১ তারিখ থেকে ১৪০ শতাংশ পৌঁছাবে মোট শুল্কের পরিমাণ।

Truth Of Bengal: বর্তমানে একাধিক ইস্যুতে উত্তপ্ত আন্তর্জাতিক রাজনীতি, যার মধ্যে অন্যতম চিনের উপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ১০০ শতাংশ শুল্ক চাপানো। কারণ হিসেবে রিপাবলিকান নেতার তরফ থেকে তুলে ধরা হয়েছিল বেজিংয়ের আক্রমণাত্মক অবস্থান বাণিজ্যের ক্ষেত্রে। গোটা বিষয়টি নিয়ে আন্তর্জাতিক রাজনৈতিক মহলে ছড়িয়েছিল চাঞ্চল্য। এমন পরিস্থিতিতে এবার ট্রাম্পকে পাল্টা হুঁশিয়ারি দেওয়া হল বেজিংয়ের তরফ থেকে। শুধু তাই নয়, আমেরিকার বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগও তোলা হয়।

রবিবার একটি বিবৃতি দেওয়া হয়েছে চিনের বাণিজ্যমন্ত্রকের তরফ থেকে এবং তাতে জানানো হয়েছে যে, “চিনের স্বার্থে মারাত্মকভাবে আঘাত আনবে মার্কিন যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত। এখানেই শেষ নয়, দুই দেশের মধ্যে আলোচনার পরিবেশও নষ্ট হবে অর্থনৈতিক এবং বাণিজ্য বিষয়গুলি নিয়ে।” এরপরই ট্রাম্পের বিরুদ্ধে দ্বিচারিতা অভিযোগ তুলে পদক্ষেপের হুঁশিয়ারি দেয় চিন। বিবৃতিতে বলা হয়েছে, “আমেরিকা দ্বিচারিতার আদর্শ উদাহরণ। কোনও সংঘাতে জড়াতে চায়না চিন। কিন্তু তার মানে এই নয় যে লড়াই করতে ভয় পায় বেজিং। প্রয়োজনে আমাদের তরফ থেকে করা হবে পাল্টা পদক্ষেপ।”

প্রসঙ্গত, অতিরিক্ত শুল্ক চাপানোর জেরে নভেম্বরের ১ তারিখ থেকে ১৪০ শতাংশ পৌঁছাবে মোট শুল্কের পরিমাণ। তবে হোয়াইট হাউস পরিষ্কার করে দিয়েছে যে চিন যদি কোনও আক্রমণাত্মক পদক্ষেপ করে মার্কিন যুক্তরাষ্ট্রের উপর, তাহলে নভেম্বরের পরিবর্তে অক্টোবর থেকেই এটি চালু হয়ে যেতে পারে। গত আগস্টেই ট্রাম্প জানিয়েছিলেন যে নতুন শুল্ক লাগু করার সিদ্ধান্ত স্থগিত রাখা হবে আগামী ১০ নভেম্বর রাত ১২টা ১ পর্যন্ত। কিন্তু তার বহু আগেই সিদ্ধান্ত বদলালো আমেরিকা।