মেসির সঙ্গে ভারতে আসতে পারেন সুয়ারেজ, রড্রিগো ডিপলও : সূ্ত্র
সংবাদমাধ্যম সূত্রে খবর, আর্জেন্টাইন অধিনায়ক একাই নন, তাঁর সঙ্গে এই সফরে ভারতে আসার সম্ভাবনা রয়েছে আরও দুই কিংবদন্তি ফুটবলারের।
Truth Of Bengal: আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসির ‘গট ট্যুর অফ ইন্ডিয়া ২০২৫’-এর প্রতীক্ষায় এখন থেকেই প্রহর গুণতে শুরু করেছেন মেসি ভক্তদের পাশাপাশি আপামর ভারতবাসী-ও। এরই মধ্যে আরও একটি খবর প্রকাশ্যে এসেছে। সংবাদমাধ্যম সূত্রে খবর, আর্জেন্টাইন অধিনায়ক একাই নন, তাঁর সঙ্গে এই সফরে ভারতে আসার সম্ভাবনা রয়েছে আরও দুই কিংবদন্তি ফুটবলারের। তাঁরা হলেন মেসির অধিনায়কত্বে কাতার বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন তারকা রড্রিগো ডি পল ও উরুগুয়েন তারকা লুইস সুয়ারেজ। এবং এই তিন তারকার উপস্থিতিতে ‘গট কাপ টুর্নামেন্ট’ যে আলোকিত হবে তা বলাই বাহুল্য।
প্রসঙ্গত, ডি পল ও সুয়ারেজ বর্তমানে লিওনেল মেসির খুবই ঘনিষ্ঠ বন্ধুর পাশাপাশি দলীয় সতীর্থও বটে। বর্তমানে এই তিন তারকা ফুটবলার ইন্টার মিয়ামির জার্সি গায়ে খেলছেন। ফলে ত্রয়ী কিংবদন্তীর পায়ের ঝলক দেখার জন্যই এখন অপেক্ষা করছেন ভারতের ফুটবলপ্রেমীরা। উরুগুয়েন তারকা সুয়ারেজ শুধু মেসিই নন, বার্সায় থাকাকালীন জুটি বেধেছিলেন ব্রাজিলিয়ান তারকা নেইমারের সঙ্গেও। চারটি লা-লিগার পাশাপাশি উয়েফা লিগ খেতাব জয়ের নজিরও রয়েছে তাঁর দখলে। ফলে ভারতীয় ফুটবলপ্রেমীরা মনে মনে চাইছেন, যাতে এই তিন কিংবদন্তি ফুটবলারকেই একসঙ্গে দেখতে।
এদিকে লিওনেল মেসি আগেই ফাইনাল জানিয়ে দিয়েছিলেন তিনি ভারত সফরে আসছেন। এবং ২০১১ সালের ভারত সফরের স্মৃতি এখনও তাঁর মনে টাটকা রয়েছে। কাজেই চলতি বছরের ভারত সফরের জন্য তিনি মুখিয়ে আছেন। উল্লেখ্য, এবারের মেসি শুধু কলকাতায়ই নন, যাবেন ভারতের মুম্বই, আহমেদাবাদ এবং দিল্লিতেও।
বিশ্বস্ত সূত্র মারফত জানা গিয়েছে, ১৩ ডিসেম্বর বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গণে আয়োজিত ম্যাচে ব্রাজিলিয়ান তারকা নেইমারকেও আনার চেষ্টা করা হচ্ছে। তবে এখনও এই বিষয়ে চূড়ান্ত কিছু হয়েনি। যদি তা হয়, তাহলে ভারতীয় ফুটবলের ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা হবে এই বিষয়ে কোনও সন্দেহ নেই।






