Vietnam: ভিয়েতনামে হালং বে-তে নৌকাডুবি, ৩৭ পর্যটকের মৃত্যু, নিখোঁজ বহু
ভিয়েতনামের সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, নৌকাটিতে মোট ৪৮ জন পর্যটক ও ৫ জন কর্মী ছিলেন।
Truth of Bengal: ভিয়েতনামের বিখ্যাত হালং উপসাগরে পর্যটক বোঝাই একটি নৌকা উলটে গিয়ে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। এখনো পর্যন্ত ঘটনায় মৃত্যু হয়েছে ৩৭ জন পর্যটকের। নিখোঁজ রয়েছেন আরও অনেকে। উদ্ধার করা হয়েছে ১১ জনকে। শনিবার স্থানীয় সময় দুপুর ১টা ৪৮ মিনিট নাগাদ ডাউগো গুহার কাছে এই দুর্ঘটনাটি ঘটে। ভিয়েতনামের (Vietnam) সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, নৌকাটিতে মোট ৪৮ জন পর্যটক ও ৫ জন কর্মী ছিলেন। প্রবল ঝোড়ো হাওয়া এবং জলোচ্ছ্বাসের কবলে পড়ে নৌকাটি হঠাৎই উলটে যায়। দুর্ঘটনার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও উদ্ধারকারী দল। নৌকার মৃত এবং নিখোঁজ যাত্রীদের অধিকাংশই ভিয়েতনামের রাজধানী হ্যানয়ের বাসিন্দা ৷
[আরও পড়ুনঃ Chemotherapy: কেমোথেরাপি সুপ্ত ক্যান্সার কোষকে সক্রিয় করতে পারে! গবেষনায় চাঞ্চল্যকর তথ্য]
রাতের প্রতিকূল আবহাওয়ায় সাময়িকভাবে উদ্ধার কাজ বন্ধ থাকলেও রবিবার সকাল হতেই তা ফের শুরু হয়েছে। মৃতদের মধ্যে অনেক শিশু রয়েছে বলেও খবর। এখনও পর্যন্ত নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন। তাঁদের খোঁজে চলছে জোর তল্লাশি। ঘটনার প্রত্যক্ষদর্শী এক অফিস যাত্রী জানিয়েছেন, শনিবার স্থানীয় সময় বেলা দুটো নাগাদ আচমকাই আকাশ কালো করে প্রচণ্ড শিলাবৃষ্টি এবং বজ্রপাত শুরু হয়৷ সঙ্গে বইতে থাকে ঝোড়ো হাওয়া৷ যার জেরে নৌকাটি উল্টে যায়৷ এই পুরো ঘটনা নিয়ে শুরু হয়েছে তদন্ত। অন্যদিকে এই মর্মান্তিক ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন ভিয়েতনামের প্রধানমন্ত্রী ফাম মিন চিন। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকার আশ্বাসও দিয়েছেন। (Vietnam)
[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal/]
উল্লেখ্য, হালং উপসাগর ইউনেস্কো স্বীকৃত একটি হেরিটেজ সাইট এবং ভিয়েতনামের অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র। সারা বছরই এখানে ভিড় জমান দেশ-বিদেশের বহু পর্যটক। তবে স্থানীয়রা জানিয়েছেন, এই অঞ্চলে আকস্মিক আবহাওয়া পরিবর্তন একেবারেই অস্বাভাবিক নয়। ২০২৩ সালেও একাধিক জাহাজ দুর্ঘটনার শিকার হয়েছিল এখানেই। নিরাপত্তা এবং আবহাওয়াজনিত ঝুঁকি উপেক্ষা না করে ভবিষ্যতে যাতে এ ধরনের দুর্ঘটনা এড়ানো যায়, সে বিষয়েও প্রশাসনের তরফে বিশেষ উদ্যোগ নেওয়ার কথা ভাবা হচ্ছে। (Vietnam)






