রাহুলের অভিযোগের ভিত্তিতে দায়ের মামলা টিকলো না সুপ্রিম কোর্টে
বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চের তরফ থেকে পরিষ্কার করে দেওয়া হয় যে এই মামলা শোনা হবে না এখানে।
Truth Of Bengal: ভোটার লিস্টে বিশাল কারচুপির অভিযোগ তুলে জাতীয় রাজনীতিতে হইচই ফেলে দিয়েছিলেন কংগ্রেস সাংসদ, তথা লোকসভার বিরোধী দলনেতা, রাহুল গান্ধী। সেই অনুযায়ী সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল। কিন্তু এই ব্যাপারে লাগলো বড়সড় ধাক্কা। বলা ভালো, যেই আর্জি করা হয়েছিল, তা ধোপে টিকলো না। তা কোনও গুরুত্বই পেল না।
সোমবার ছিল মামলার শুনানি। বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চের তরফ থেকে পরিষ্কার করে দেওয়া হয় যে এই মামলা শোনা হবে না এখানে। বেঞ্চের বক্তব্য, “যেখানে খুশি যেতে পারেন। এই মামলা এখানে শোনা হবে না।” তবে এর সঙ্গে বেঞ্চ আরও একটি বিষয় জানিয়েছে। তাদের তরফ থেকে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে মামলাকারী যদি চান তাহলে যেতে পারেন নির্বাচন কমিশনে।
প্রসঙ্গত, গত ৭ আগস্ট রাহুল গান্ধী সাংবাদিক বৈঠক করেন এবং অভিযোগ করেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গত লোকসভা নির্বাচনে ২৫টি আসনে ভোট চুরি করেছেন। তাঁর বক্তব্য, সেই সবকটি আসনেই ৩৩ হাজারের কম হারজিতের ব্যবধান। এখানেই শেষ নয়, তিনি কর্নাটকের মহাদেবপুরা বিধানসভার ভোটার তালিকা তুলে ধরেন এবং দাবি করেন যে এক লক্ষেরও বেশি ভোট চুরি হয়েছে এই একটি কেন্দ্রেই। তবে কংগ্রেস সাংসদের এমন অভিযোগ একদমই ভালোভাবে নেয়নি নির্বাচন কমিশন। কর্ণাটকের মুখ্য নির্বাচন কমিশনার হাত শিবিরের কাছ থেকে প্রমাণ চেয়েছিলেন। এছাড়া মুখ্য নির্বাচনী কমিশনার জ্ঞানেশ কুমার এক সপ্তাহের মধ্যে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেন রাহুল গান্ধীকে।






