বিরোধীদের কড়া আক্রমণে আজ জবাবি ভাষণে কী বলবেন প্রধানমন্ত্রী, তাকিয়ে সব পক্ষ
What will the Prime Minister say in his speech today in response to the fierce attack of the opposition

The Truth of Bengal: আজ সংসদে জবাবি ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার সংসদে ঝড় তুলেছিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি। সরকারপক্ষকে নাস্তানাবুদ করে ছেড়েছিলেন। একাধিক বিষয়ে তিনি সরকারকে নিশানা করেন। সাম্প্রতিক কালে সরকারপক্ষকে এত কড়া বিরোধিতার মুখে পড়তে হয়নি। রাহুলের এই বক্তব্যের পর আজ মঙ্গলবার লোকসভায় জবাবি ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিট, অগ্নিবীর, মণিপুর-সহ নানা বিষয়ে বিরোধীদের আক্রমণের জবাবে প্রধানমন্ত্রী কী বলেন, সে দিকে নজর থাকবে শাসক-বিরোধী সব পক্ষের।
আজ জবাবি ভাষণ দেওয়ার আগে প্রধানমন্ত্রী এনডিএ-র সংসদীয় দলের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন। সেই বৈঠকে বিরোধীদের আক্রমণের মোকাবিলার রণকৌশল নির্ধারিত হতে পারে। কোন পথে, কী ভাবে জবাব দেওয়া হবে তা ঠিক করে বিকেল চারটের সময় সংসদে জবাবি ভাষণ দেবেন মোদি।
উল্লেখ্য, সোমবার সংসদে একাধিক বিষয়ে সরকারপক্ষকে নিশানা করেছিলেন বিরোধী দলনেতা রাহুল গান্ধি। লোকসভায় রাহুলের রাখা বক্তব্য থেকে কিছু অংশ বাদ দেওয়া হয়েছে। সংসদের কার্যবিবরণী থেকে বাদ পড়েছে রাহুলের বক্তব্যের চারটি অংশ। রাহুলের পর তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র থেকে শুরু করে বিরোধীরা কড়া আক্রমণ শানান সরকারপক্ষকে।
সোমবার রাহুলের হিন্দু মন্তব্য নিয়ে সরগরম হয়েছিল লোকসভা। বিজেপি সাংসদেরা রাহুলকে ক্ষমা চাইতে হবে বলে দাবি তোলেন। নিজের আসন থেকে উঠে দাঁড়িয়ে রাহুলের বক্তব্যের প্রতিবাদ জানান প্রধানমন্ত্রী। আজ তিনি জবাবি ভাষণে কী বলেন, বিরোধীদের আক্রমণের কী ভাবে জবাব দেন, তা দেখতে তাকিয়ে রাজনৈতিক মহল।






