Virar Building Collapse: মুম্বইয়ে বহুতল ভেঙে মৃতের সংখ্যা বেড়ে ১৭, গ্রেফতার প্রোমোটার
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত ১২টা ৫ মিনিট নাগাদ। পুলিশ জানিয়েছে, ওই সময় বহুতলের একাংশ হুড়মুড় করে ভেঙে পড়ে।
Truth of Bengal: মুম্বইয়ে ভারী বৃষ্টির জেরে ভিরারে বহুতলের একাংশ ভেঙে পড়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৭।ধ্বংসস্তূপ থেকে এখনও পর্যন্ত জীবিত অবস্থায় ৯ জনকে উদ্ধার করা হয়েছে। গুরুতর আহত দু’জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভেতরে আরও কেউ আটকে থাকতে পারেন, এই আশঙ্কায় উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে পুলিশ, দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত ১২টা ৫ মিনিট নাগাদ। পুলিশ জানিয়েছে, ওই সময় বহুতলের একাংশ হুড়মুড় করে ভেঙে পড়ে। তখনই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন প্রায় ৩০ জন (Virar Building Collapse)।
আরও পড়ুনঃ Mamta Banerjee: এসআইআরের নামে এনআরসির চেষ্টা, ফের সরব মমতা
জানা গিয়েছে, আবাসনের দুই অংশের মধ্যে একটির চারতলায় একটি শিশুর জন্মদিনের অনুষ্ঠান চলছিল। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন পুলিশ, দমকল ও এনডিআরএফ কর্মীরা। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিস এক্স হ্যান্ডেলে মৃত ও আহতের হালনাগাদ তথ্য জানিয়েছেন। মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা করেছেন তিনি। মুখ্যমন্ত্রীর দফতরের তরফে বলা হয়েছে, ‘ আমরা এই পরিবারের দুঃখের ভাগিদার। নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা করে সাহায্য দেওয়া হবে।‘ অন্যদিকে বৃহস্পতিবার ভাসাই বিরার পুলিশ গ্রেফতার করেছে ৫০ বছরের নিলে সানেকে, যিনি ভেঙে পড়া বহুতলের প্রোমোটার (Virar Building Collapse)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/truthofbengal
তাঁর বিরুদ্ধে পৌরসভার অনুমোদন ছাড়াই জমি ব্যবহার ও বহুতল নির্মাণের অভিযোগসহ একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। উল্লেখ্য, দশ বছরের পুরনো ওই বাড়িকে আগেই ‘বিপজ্জনক’ ঘোষণা করেছিল মুম্বই পুরসভা। ভিরার সিটি মিউনিপ্যাল কর্পোরেশন প্রোমোটারকে তিনবার নোটিসও পাঠিয়েছিল। কিন্তু তাতে কোনও লাভ হয়নি। গত সপ্তাহেই ওই আবাসনের সিঁড়ির একাংশ ভেঙে পড়ে। স্থানীয় এক সমাজকর্মী প্রোমোটারকে হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, যে কোনও সময় আবাসন ভেঙে পড়তে পারে (Virar Building Collapse)।






