বুলডোজার ঘিরে ধুন্ধুমার! মাঝরাতে উত্তপ্ত তুর্কমান গেট, কাঁদানে গ্যাসের শেল ছুড়ল পুলিশ
আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে তুর্কমান গেট এলাকায় চারজনের বেশি জমায়েত নিষিদ্ধ করা হয়।
রণক্ষেত্রের চেহারা নিল পুরাতন দিল্লির তুর্কমান গেট এলাকা। মঙ্গলবার রাত প্রায় ১টা নাগাদ দিল্লি পুরসভার আধিকারিকরা পুলিশ বাহিনীর সঙ্গে নিয়ে অবৈধ নির্মাণ ভাঙার কাজ শুরু করেন। অভিযানে একসঙ্গে ১৭টি বুলডোজার নামানো হয়। কড়া নিরাপত্তার মধ্যে অভিযান শুরু হলেও খবর ছড়িয়ে পড়তেই এলাকায় জড়ো হতে থাকেন স্থানীয় বাসিন্দারা।
অভিযোগ, উচ্ছেদে বাধা দিতে গিয়ে বিক্ষোভকারীরা পুলিশের উপর ইট-পাথর ছোড়ে। এতে অন্তত পাঁচজন পুলিশকর্মী আহত হন। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পুলিশ লাঠিচার্জ করে এবং কাঁদানে গ্যাসের শেল ছুড়ে জনতাকে ছত্রভঙ্গ করে। সংঘর্ষের জেরে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে তুর্কমান গেট এলাকায় চারজনের বেশি জমায়েত নিষিদ্ধ করা হয়।
পাথর ছোড়ার অভিযোগে ১০ জনকে আটক করেছে পুলিশ। উল্লেখ্য, তুর্কমান গেট এলাকায় অবস্থিত শতাব্দীপ্রাচীন ফয়েজ-ই-ইলাহি মসজিদ সংলগ্ন প্রায় ৩৮ হাজার ৯৪০ বর্গফুট জমিকে অবৈধ দখল হিসেবে চিহ্নিত করে উচ্ছেদের নির্দেশ দিয়েছিল দিল্লি হাই কোর্ট। সেই নির্দেশ মেনে আগেই সংশ্লিষ্ট পক্ষগুলিকে নোটিশ পাঠিয়েছিল দিল্লি পুরসভা। তবে মসজিদ কমিটির দাবি, উক্ত জমিটি ওয়াকফ সম্পত্তি এবং বিষয়টি বর্তমানে ওয়াকফ ট্রাইবুনালে বিচারাধীন।
এর আগেও গত ৪ জানুয়ারি জমি চিহ্নিত করতে গিয়ে স্থানীয়দের বাধার মুখে পড়তে হয়েছিল পুর আধিকারিকদের। আইনি টানাপোড়েনের মধ্যেই শুরু হওয়া এই অভিযানে উত্তেজনা আরও বেড়েছে। বুধবার সকাল থেকেও এলাকায় কড়া পুলিশি নজরদারি বজায় রয়েছে এবং উচ্ছেদ অভিযান চলবে বলেও জানানো হয়েছে।






