হাড়কাঁপানো শীতে জবুথবু তিলোত্তমা, উত্তুরে হাওয়ার দাপটে নামছে পারদ
গত কয়েকদিন ধরেই শহরের তাপমাত্রা ১০ থেকে ১১ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করায় স্বাভাবিক জনজীবনে শীতের দাপট বেশ অনুভূত হচ্ছে।
Truth Of Bengal: কনকনে শীতে কার্যত জবুথবু গোটা রাজ্য। উত্তুরে হাওয়ার দাপটে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে পারদ পতনের ধারা অব্যাহত। আবহাওয়া দফতর সূত্রে খবর, বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে বেশ খানিকটা কম। গত কয়েকদিন ধরেই শহরের তাপমাত্রা ১০ থেকে ১১ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করায় স্বাভাবিক জনজীবনে শীতের দাপট বেশ অনুভূত হচ্ছে।
আবহাওয়াবিদদের মতে, বর্তমানে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি গভীর নিম্নচাপ তৈরির প্রক্রিয়া চলছে। এর পাশাপাশি বাংলাদেশ ও ত্রিপুরা সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্তও অবস্থান করছে। যদিও এই দুইয়ের সরাসরি কোনো প্রভাব পশ্চিমবঙ্গে পড়ার সম্ভাবনা নেই, তবে এদের পরোক্ষ প্রভাবে রাজ্যে উত্তুরে বাতাস প্রবেশের পথ প্রশস্ত হয়েছে। ফলে রাতের দিকে শীতের তীব্রতা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।
দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৩-৫ ডিগ্রি নিচে থাকছে। তবে দিনের বেলায় রোদ ওঠায় কিছুটা স্বস্তি মিলছে। বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২২ ডিগ্রির আশেপাশে থাকতে পারে।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন রাত ও ভোরের দিকে হাড়কাঁপানো ঠান্ডা বজায় থাকবে। বৃষ্টির সম্ভাবনা না থাকলেও ভোরের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা দিতে পারে। সপ্তাহান্তেও শীতের এই দাপট কমার কোনও লক্ষণ নেই। উত্তর ও দক্ষিণবঙ্গ—উভয় প্রান্তেই শীতের দাপট অব্যাহত থাকবে।






