দেশ

পণের জন্য ফের বধূহত্যা! তেলেঙ্গানায় মর্মান্তিক ঘটনা

সেই সময় থেকেই লক্ষ্মীর ওপর অত্যাচার শুরু হয় বলে অভিযোগ।

Truth Of Bengal: গ্রেটার নয়ডায় শ্বশুরবাড়ির অত্যাচারে নিকি ভাটির মৃত্যু, রাজস্থানে পণের দাবিতে বধূর মৃত্যু, এরপর তেলেঙ্গানা (Telangana) থেকেও একইরকম একটি ঘটনা সামনে এল। পণের দাবিতে এক বধূর ওপর অকথ্য অত্যাচারের অভিযোগ উঠল তাঁর স্বামীর বিরুদ্ধে। স্ত্রীকে দু’বছর ধরে ঘরবন্দি করে, অনাহারে রেখে নির্যাতনের অভিযোগ উঠল ওই যুবকের বিরুদ্ধে। হাসপাতালে চিকিৎসার সময়ই মৃত্যু হয় বধূর। কোঠাগুদেম জেলার ঘটনা।

[আরও পড়ুন: Suvendu Adhikari: বহরমপুরে অধীরের পরাজয়ের জন্য মমতাকে দায়ী করলেন শুভেন্দু]

পুলিশ সূত্রে খবর, তেলেঙ্গানার (Telangana) বাসিন্দা ওই গৃহবধূর নাম লক্ষ্মী প্রসন্ন। ২০১৫ সালে খাম্মাম জেলার বিশ্বনাথপুরমের বাসিন্দা লক্ষ্মীর বিয়ে হয়েছিল কোঠাগুদেম জেলার পুলা নরেশবাবুর সঙ্গে। লক্ষ্মীর পরিবারের দাবি, বিয়ের সময় নরেশবাবুকে পণ হিসাবে দু’একর আমবাগান, এক একর কৃষিজমি, নগদ ১০ লক্ষ টাকা এবং ১০ লক্ষ টাকার গয়না দেওয়া হয়েছিল। লক্ষ্মীর পরিবারের অভিযোগ, বছর দুয়েক আগে লক্ষ্মীর স্বামী অশ্বরাওপেটায় চলে যান স্ত্রী ও সন্তানকে নিয়ে। সেই সময় থেকেই লক্ষ্মীর ওপর অত্যাচার শুরু হয় বলে অভিযোগ।

লক্ষ্মীর পরিবারের তরফে অভিযোগে পুলিশকে জানানো হয়েছে, অশ্বরাওপেটা যাওয়ার পর থেকে তাঁরা তাঁদের মেয়ের সঙ্গে কোনও যোগাযোগ করতে পারছিলেন না। অনেক চেষ্টার পর স্থানীয়দের কাছ থেকে তাঁরা জানতে পারেন, লক্ষ্মীকে ঘরে তালাবন্দি করে রাখা হয়েছে। সেই খবর পাওয়ার পরই অশ্বরাওপেটায় সেই বাড়িতে যান তাঁর বাবা-মা। পরিবারের অভিযোগ, তাঁদের বাড়িতেই ঢুকতে দেওয়া হয়নি।

[আরও পড়ুন: Bengal Saree Job: মুখ্যমন্ত্রীর ‘বাংলার শাড়ি’ প্রকল্পে কর্মী নিয়োগ, সরাসরি ইন্টারভিউ দিয়ে চাকরির সুযোগ]

লক্ষ্মীকে গত দু’বছর ধরে ঘরে আটকে রেখে অকথ্য অত্যাচার চালাতেন নরেশবাবু বলেও অভিযোগ। গত শনিবার নরেশবাবু ফোন করে শ্বশুরবাড়িতে জানান, সিঁড়ি থেকে পড়ে গিয়েছেন লক্ষ্মী। তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। খবর পেয়ে মেয়ের সঙ্গে দেখা করতে যান তাঁর বাবা-মা। কিন্তু চিকিৎসা চলাকালীনই লক্ষ্মীর মৃত্যু হয় (Telangana)। এই ঘটনায় নরেশবাবু, তাঁর মা, দিদি এবং ভাইয়ের বিরুদ্ধে পণের জন্য হত্যার অভিযোগ দায়ের করেছেন লক্ষ্মীর পরিবার। ঘটনার পর থেকে সপরিবার পলাতক নরেশবাবু।

Related Articles