ICSE পরীক্ষার সময়সূচিতে বড় বদল! পড়ুয়াদের জন্য নয়া নিয়ম
নতুন নিয়মে শুধু পরীক্ষার শুরুর সময় নয়, প্রশ্নপত্র পড়া এবং উত্তর লেখার সময়সূচিও নির্দিষ্ট করে দেওয়া হয়েছে
Truth of Bengal: পরীক্ষাকেন্দ্রে পৌঁছনোর সময় এবার আরও এগিয়ে আনতে হবে ICSE পরীক্ষার্থীদের। নতুন বছর থেকেই বদলে যাচ্ছে দশম শ্রেণির ICSE পরীক্ষার সময়সূচি। এতদিন সকাল ১১টা থেকে পরীক্ষা শুরু হলেও ২০২৭ সাল থেকে পরীক্ষা শুরু হবে সকাল ১০টায়। অর্থাৎ, এক ঘণ্টা এগিয়ে আসছে পরীক্ষার সময়। কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট একজামিনেশনস (CISCE)-এর তরফে এই পরিবর্তনের কথা জানা গিয়েছে। নতুন নিয়মে শুধু পরীক্ষার শুরুর সময় নয়, প্রশ্নপত্র পড়া এবং উত্তর লেখার সময়সূচিও নির্দিষ্ট করে দেওয়া হয়েছে।
নয়া নিয়ম অনুযায়ী, সকাল ১০টায় পরীক্ষার্থীদের হাতে প্রশ্নপত্র তুলে দেওয়া হবে। প্রথম ১৫ মিনিট অর্থাৎ সকাল ১০টা থেকে ১০টা ১৫ মিনিট পর্যন্ত শুধুমাত্র প্রশ্নপত্র পড়ার সুযোগ পাবেন দশম শ্রেণির পড়ুয়ারা। এরপর সকাল ১০টা ১৫ মিনিট থেকে শুরু হবে উত্তর লেখা। যে সমস্ত বিষয়ের পরীক্ষা দু’ঘণ্টার, সেগুলি শেষ হবে দুপুর ১২টা ১৫ মিনিটে। অন্যদিকে, তিন ঘণ্টার পরীক্ষার ক্ষেত্রে পরীক্ষার্থীদের উত্তর লেখা শেষ করতে হবে দুপুর ১টা ১৫ মিনিটের মধ্যে।
কেন পরীক্ষার সময় এগিয়ে আনার সিদ্ধান্ত?
এতদিন ICSE-র পরীক্ষা শুরু হত সকাল ১১টায়। অন্যদিকে, দ্বাদশ শ্রেণির ISC পরীক্ষা শুরু হওয়ার সময় ছিল দুপুর ২টো। একই স্কুলে দুই শ্রেণির পরীক্ষা আয়োজন করতে গিয়ে বেশ কিছু সমস্যার মুখে পড়তে হত কর্তৃপক্ষকে। বিশেষ করে ICSE-র তিন ঘণ্টার পরীক্ষার দিনগুলিতে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠত।
হিন্দি, গণিত-সহ কয়েকটি বিষয়ের পরীক্ষা তিন ঘণ্টার হয়ে থাকে। ফলে সকাল ১১টায় পরীক্ষা শুরু হলে তা শেষ হত দুপুর ২টোয়। ঠিক সেই সময়েই আবার ISC পরীক্ষার্থীদের পরীক্ষায় বসার প্রস্তুতি শুরু করতে হত। তাঁদের আসন গ্রহণ, পরীক্ষার হলে প্রবেশ এবং প্রশ্নপত্র পড়ার জন্য আলাদা করে ১৫ মিনিট সময় দেওয়ার বিষয়টিও মাথায় রাখতে হত। ফলে দুই পরীক্ষার ব্যবস্থাপনা সামলাতে গিয়ে স্কুলগুলিকে যথেষ্ট সমস্যায় পড়তে হত।
এমনকী, ICSE-র দু’ঘণ্টার পরীক্ষার দিনেও পুরোপুরি স্বস্তি ছিল না স্কুলগুলির। একটি পরীক্ষা শেষ হওয়ার পর পরীক্ষার হল খালি করা, প্রয়োজনীয় ব্যবস্থা গুছিয়ে নেওয়া এবং ISC পরীক্ষার্থীদের বসার ব্যবস্থা করতে সময় লাগত। ফলে পরীক্ষার সময়সূচি সামলানো ছিল বড় চ্যালেঞ্জ।
স্কুল ও পরীক্ষার্থী, দু’পক্ষেরই সুবিধা হবে?
নতুন সময়সূচি কার্যকর হলে সেই সমস্যা অনেকটাই মিটবে বলে মনে করা হচ্ছে। তিন ঘণ্টার পরীক্ষা দুপুর ১টা ১৫ মিনিটে শেষ হয়ে যাবে। আর দু’ঘণ্টার পরীক্ষা শেষ হবে দুপুর ১২টা ১৫ মিনিটে। ফলে পরবর্তী পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য স্কুল কর্তৃপক্ষ অনেকটাই অতিরিক্ত সময় পাবে। বিশেষ করে একই স্কুলে ICSE এবং ISC পরীক্ষা পরিচালনার ক্ষেত্রে সুবিধা হবে।



