রাজ্যের খবর

“রাত ৩টেতেও নির্ভয়ে ঘুরবে মেয়েরা!”, মহিলাদের অভয় দিলেন নারীসুরক্ষা মন্ত্রী অগ্নিমিত্রা

বিকাশভবনে বসেই ‘অপারেশন ক্লিনিং’ শুরু করলেন অগ্নিমিত্রা

Truth of Bengal: সোমবার মন্ত্রিত্বের দায়িত্ব পাওয়ার পর মঙ্গলবারই সশরীরে বিকাশভবনে হাজির হলেন অগ্নিমিত্রা পল। নারী ও শিশু কল্যাণ এবং পুর ও নগরোন্নয়ন দফতরের দায়িত্বভার হাতে নিয়েই চেনা ভঙ্গিতে গর্জে উঠলেন তিনি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে রাজ্য সরকার যে এবার ‘জিরো টলারেন্স’ নীতিতে চলবে, তা এদিন স্পষ্ট করে দেন তিনি।

নারী সুরক্ষায় ‘জিরো এফআইআর’

অগ্নিমিত্রা পলের কথায়, “এতদিন বাংলায় মহিলারা সন্ধে ৮টার পর বেরোতে ভয় পেতেন। থানায় গেলে এফআইআর নেওয়া হত না। কিন্তু সেই দিন শেষ।” তিনি আশ্বাস দেন, বর্তমান সরকারের আমলে দুপুর ৩টে হোক বা রাত ৩টে, মহিলারা নির্ভয়ে রাস্তায় বেরোতে পারবেন। মহিলাদের ওপর কোনও অত্যাচারের ঘটনা ঘটলে দল-মত নির্বিশেষে ‘জিরো এফআইআর’ করার নির্দেশ দিয়েছেন তিনি। তাঁর কড়া হুঁশিয়ারি, “বিজেপির পতাকা হাতে থাকলেও কোনও দোষী পার পাবে না।”

দুর্নীতির ফাইল খোলার হুঁশিয়ারি

এদিন শুধু নারী সুরক্ষা নয়, প্রাক্তন সরকারের আমলের একাধিক দুর্নীতি নিয়েও সরব হন অগ্নিমিত্রা। কয়লা চুরি, বালি চুরি থেকে শুরু করে আলোড়ন ফেলা ‘অভয়া’ মামলার ফাইলও নতুন করে খোলার ইঙ্গিত দিয়েছেন তিনি। আইন মেনে কাজ না করলে কাউকেই রেয়াত করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি। বিশেষ করে পালাবদলের পর যারা নব্য বিজেপি সমর্থক সেজে দাপট দেখাচ্ছেন, তাঁদের উদ্দেশ্যে মন্ত্রীর বার্তা, “দলের আড়ালে কোনও সমাজবিরোধী কাজ বা দুর্নীতি বরদাস্ত করা হবে না।”

নয়া দিশায় প্রশাসন

শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভার এই হেভিওয়েট সদস্যের প্রথম দিনের তৎপরতা দেখে ওয়াকিবহাল মহল মনে করছে, প্রশাসনের রাশ শক্ত করতে একবিন্দুও ছাড় দেবেন না অগ্নিমিত্রা। পুর ও নগরোন্নয়ন দফতরের কাজেও স্বচ্ছতা আনতে বড়সড় রদবদলের ইঙ্গিত দিয়েছেন তিনি। ৮ মে-র পর বাংলায় যে এক নতুন প্রশাসনিক কর্মসংস্কৃতি শুরু হতে চলেছে, এদিন বিকাশভবনের অলিন্দে তারই সুর বেঁধে দিলেন অগ্নিমিত্রা পল।

Related Articles