দিল্লির বুকে ফের ২০১২-র ছায়া! চলন্ত বাসে পাশবিক নির্যাতনের শিকার তরুণী
এই ঘটনায় ইতিমিধ্যেই অভিযুক্ত বাস চালক ও কন্ডাক্টরকে গ্রেফতার করেছে পুলিশ
Truth of Bengal: দিল্লিতে ফের ২০১২ সালের নির্ভয়া কাণ্ডের স্মৃতি ফিরল। রাজধানীর রাজপথে চলন্ত বাসের ভেতর এক তরুণীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। ১৪ বছর আগে ঘটে যাওয়া সেই নৃশংস ঘটনার ছায়া এবার দেখা গেল দিল্লির রানি বাঘ এলাকায়। এই ঘটনায় ইতিমিধ্যেই অভিযুক্ত বাস চালক ও কন্ডাক্টরকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত সোমবার রাতে নিজের কর্মস্থল থেকে বাড়ি ফিরছিলেন ওই তরুণী। সরস্বতী বিহার এলাকার একটি বাস স্ট্যান্ড থেকে তিনি একটি বেসরকারি বাসে ওঠেন। সেই সময় বাসটি প্রায় যাত্রীশূন্য ছিল। অভিযোগ, বাসে ওঠার পর দরজায় দাঁড়িয়ে থাকা কন্ডাক্টরের কাছে সময় জানতে চেয়েছিলেন ওই তরুণী। এর কিছু পরেই পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে। নির্যাতিতার দাবি, সময় জানতে চাওয়ার অছিলায় কন্ডাক্টর তাঁকে জোরপূর্বক বাসের ভেতর টেনে নিয়ে যান। সেই সময় চালক বাসটিকে নাংলোইয়ের দিকে নিয়ে যেতে শুরু করেন। অভিযোগ, চলন্ত বাসের মধ্যেই চালক ও কন্ডাক্টর মিলে ওই তরুণীর ওপর পাশবিক অত্যাচার ও গণধর্ষণ চালায়। নারকীয় এই নির্যাতনের পর তরুণীকে চলন্ত বাস থেকে রাস্তায় ফেলে দিয়ে অভিযুক্তরা চম্পট দেয়।
ঘটনার জানাজানি হতেই এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিশে অভিযোগ দায়ের হওয়ার পর তদন্তে নেমে দ্রুত পদক্ষেপ করে প্রশাসন। সিসিটিভি ফুটেজ এবং অন্যান্য তথ্যের ভিত্তিতে চিহ্নিত করে দুই অভিযুক্তকেই শ্রীঘরে পাঠানো হয়েছে। রাজধানীর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ফের বড়সড় প্রশ্ন তুলে দিয়েছে এই ঘটনা। মূলত ফাঁকা বাসে একজন নারী কতটা সুরক্ষিত, তা নিয়ে নতুন করে সরব হয়েছেন সাধারণ মানুষ।






