দেশ

চাকরির প্রতিশ্রুতি দিয়ে ভোটের ময়দানে ঝড় তুললেন তেজস্বী

তিনি জানান, বিরোধী জোট যদি ক্ষমতায় আসে, তবে বিহারের প্রতিটি পরিবারে অন্তত একজন সদস্যকে সরকারি চাকরি দেওয়া হবে।

Truth Of Bengal: নির্বাচনের ঠিক কয়েক সপ্তাহ আগে বিহারে বড় ঘোষণা করলেন রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) নেতা তেজস্বী যাদব। তিনি জানান, বিরোধী জোট যদি ক্ষমতায় আসে, তবে বিহারের প্রতিটি পরিবারে অন্তত একজন সদস্যকে সরকারি চাকরি দেওয়া হবে। সরকার গঠনের ২০ দিনের মধ্যেই এই সংক্রান্ত আইন পাশ করা হবে বলেও আশ্বাস দেন তিনি।

তেজস্বী বলেন, “আমরা আজ একটি ঐতিহাসিক ঘোষণা করতে চলেছি। বহু মানুষ জানতে চাইছিলেন, আমরা বিহারকে কীভাবে এগিয়ে নিয়ে যেতে চাই। গত ২০ বছরে এই ভঙ্গুর সরকার কখনও বুঝতেই পারেনি যে, বেকারত্বই বিহারের সবচেয়ে বড় সমস্যা।”

তিনি আরও অভিযোগ করেন, এনডিএ জোটের শরিকদল জেডিইউ এবং বিজেপি শুধুই বেকার ভাতা দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে, চাকরি নয়। তার কথায়, “বিহারের যেকোনও পরিবারে যদি কোনও সদস্যের সরকারি চাকরি না থাকে, তবে সেই পরিবারে একজনকে চাকরি দেওয়া হবে নতুন আইন অনুযায়ী। সরকার গঠনের ২০ দিনের মধ্যে আমরা আইন আনব, আর ২০ মাসের মধ্যে এমন কোনও পরিবার থাকবে না বিহারে, যেখানে সরকারি চাকরি নেই।”

এই ঘোষণাকে ঘিরে বিহারের রাজনীতিতে চাঞ্চল্য তৈরি হয়েছে। কর্মসংস্থানকে প্রধান ইস্যু করে আরজেডি এবার সাধারণ মানুষের সমর্থন আদায়ের চেষ্টা করছে বলেই রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত।

Related Articles