দেশ

বিহার ভোটে অশান্তির ছায়া, বুথের সামনে হাতাহাতি বিজেপি-কংগ্রেস সমর্থকদের

কংগ্রেস সমর্থকদের অভিযোগ, বহু বিজেপি সমর্থককে নিয়ে এসে কংগ্রেসের ভোটারদের মারধর করা হয়েছে।

Truth Of Bengal: বিহারে দ্বিতীয় তথা শেষ দফার নির্বাচন উপলক্ষে শুরু হয়েছে ভোটগ্রহণ। সকাল থেকেই রাজ্যের একাধিক জেলায় চলছে ভোট প্রক্রিয়া। তবে ভোটের দিনই মিলল সংঘর্ষের খবর। মঙ্গলবার সকালেই আরারিয়ায় বিজেপি ও কংগ্রেস সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা গেছে, আরারিয়ার এক বুথের সামনে দুই দলের মধ্যে বচসা থেকে শুরু হয় মারামারি। কংগ্রেস সমর্থকদের অভিযোগ, বহু বিজেপি সমর্থককে নিয়ে এসে কংগ্রেসের ভোটারদের মারধর করা হয়েছে। সেখান থেকেই গোলমালের সূত্রপাত বলে জানা গেছে।

শুধু আরারিয়াই নয়, নওয়াদাতেও এক বিজেপি প্রার্থী ও স্থানীয় গ্রামবাসীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে খবর। অন্যদিকে আরওয়ালে ভোটগ্রহণ চলাকালীনই প্রিসাইডিং অফিসার অরবিন্দ কুমারের মৃত্যু হয়েছে হৃদরোগে আক্রান্ত হয়ে।

মঙ্গলবার সকাল সাতটা থেকে ২০ জেলার ১২২টি আসনে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে। ভোট শুরুর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক্স হ্যান্ডেলে বার্তা দেন, “আমি বিহারের সকল ভোটারের কাছে আবেদন জানাচ্ছি, তাঁরা যেন নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নিয়ে ভোটদানের নতুন রেকর্ড গড়েন।” পাশাপাশি নতুন ভোটারদের উদ্দেশেও বার্তা দেন প্রধানমন্ত্রী। তিনি লেখেন, “যারা প্রথমবারের মতো ভোট দিচ্ছেন, তাঁরা যেন নিজেরা ভোট দেওয়ার পাশাপাশি অন্যদেরও ভোটদানে অনুপ্রাণিত করেন।”

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, দ্বিতীয় দফায় বিহারে মোট ৩ কোটি ৭০ লক্ষ ১৩ হাজার ৫৫৬ জন ভোটার ভোট দেবেন। এর মধ্যে নতুন ভোটার রয়েছেন প্রায় ৫ লক্ষ ২৮ হাজার ৯৫৪ জন। এই দফায় বিশেষভাবে নজর থাকবে বিহারের পূর্ব ও পশ্চিম চম্পারন, সীতামারি, মধুবনী এবং নেপাল সীমান্তবর্তী কিষানগঞ্জের মতো গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলিতে।

ভোট যাতে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়, তার জন্য মোতায়েন করা হয়েছে ৪ লক্ষের বেশি নিরাপত্তারক্ষী। মঙ্গলবারের ভোটে মোট ৮ হাজার ৪৯১টি ভোটগ্রহণ কেন্দ্রকে স্পর্শকাতর বলে চিহ্নিত করেছে বিহার পুলিশ। পাশাপাশি বিহার সীমান্তবর্তী জেলাগুলিতে নজরদারি আরও জোরদার করা হয়েছে। তবে এত কড়াকড়ির মধ্যেও কিছু এলাকায় গোলমালের খবর পাওয়া গেছে।

Related Articles