বিহারে গণতন্ত্রের উৎসব শুরু,কোলে চড়ে ভোট দিলেন বৃদ্ধ- বৃদ্ধারাও
বৈশালীর এক বুথে দেখা যায়, এক ব্যক্তি এক বৃদ্ধাকে কোলে করে ভোট দিতে নিয়ে যাচ্ছেন, যাতে তিনি নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেন।
Truth Of Bengal: বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ শুরু হয়েছে বৃহস্পতিবার সকাল ৭টা থেকে। রাজ্যের ১২১টি আসনে চলছে ভোট, যা চলে বিকেল ৫টা পর্যন্ত। সকাল থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে কড়া নিরাপত্তা বলয় তৈরি করে প্রশাসন। প্রথম দফা নির্বাচনে কোথাও বড় কোনও অপ্রীতিকর ঘটনার খবর মেলেনি বলে জানিয়েছে নির্বাচন কমিশন।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এদিন ভোটারদের উৎসাহিত করে বলেন, ‘আজ বিহারে গণতন্ত্রের উৎসবের প্রথম পর্ব। প্রত্যেক ভোটার যেন উত্সাহ নিয়ে ভোট দেন।‘ রাজ্যের অন্যান্য রাজনৈতিক নেতারাও নাগরিকদের ভোট দিতে আহ্বান জানিয়েছেন। সকাল থেকেই রাজ্যের বহু বুথে ভোটারদের ভিড় লক্ষ্য করা গিয়েছে।
বিহারের নানা প্রান্ত থেকে উঠে আসে একের পর এক ছবি। বৈশালীর এক বুথে দেখা যায়, এক ব্যক্তি এক বৃদ্ধাকে কোলে করে ভোট দিতে নিয়ে যাচ্ছেন, যাতে তিনি নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেন। অনুরূপ দৃশ্য ধরা পড়েছে তারাপুরের লাখনপুর এলাকায়, যেখানে লাঠির ভর দিয়ে ভোটকেন্দ্রে যাচ্ছিলেন এক বৃদ্ধা। তাঁকে দেখে নিরাপত্তারক্ষীরা এগিয়ে এসে সাহায্য করেন। প্রতিটি কেন্দ্রেই দেখা দিয়েছে একই চিত্র। প্রবীণ ভোটারদের এই উৎসাহ ও অংশগ্রহণ আজকের ভোটকে দিয়েছে বিশেষ মাত্রা।এদিন সকালে দারভাঙ্গার আলিনগর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা গায়িকা মৈথিলী ঠাকুর ভোট দিতে যাওয়ার আগে কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দেন। মাত্র ২৫ বছর বয়সেই প্রথমবার নির্বাচনী লড়াইয়ে নেমেছেন তিনি। এবারের সবচেয়ে কমবয়সি প্রার্থী মৈথিলী আত্মবিশ্বাসী ভঙ্গিতে বলেন, ;প্রতিদিন নতুন কিছু শিখছি। চেষ্টা করছি যাতে কোনও ভোটার ভোট দিতে অসুবিধায় না পড়েন। আমি সম্পূর্ণ প্রস্তুত।‘
প্রথম দফায় মোট ৩.৭৫ কোটি ভোটার ঠিক করবেন ১,৩১৪ জন প্রার্থীর ভবিষ্যৎ। তাঁদের মধ্যে রয়েছেন তেজস্বী যাদব ও বিজেপির উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী-র মতো শীর্ষ নেতা। রাজ্যের ৪৫,৩৪১টি বুথে চলছে ভোটগ্রহণ, যার মধ্যে ৩৬,৭৩৩টি বুথ গ্রামীণ এলাকায় অবস্থিত।একদিকে শাসক জোট ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স (এনডিএ) ক্ষমতা ধরে রাখার লড়াইয়ে, অন্যদিকে মহাগঠবন্ধন আবারও ক্ষমতায় ফেরার আশায় মরিয়া প্রচেষ্টা চালাচ্ছে। সব মিলিয়ে, বিহারের এই প্রথম দফার ভোটেই স্পষ্ট হচ্ছে, আগামী দিনের রাজনৈতিক হাওয়া কোন দিকে বইবে, তার ইঙ্গিত মিলতে শুরু করেছে আজ থেকেই।






