হাই কোর্টের নির্দেশে স্থগিতাদেশ, কবে প্রকাশ জয়েন্ট এন্ট্রান্সের ফলাফল ও মেধা তালিকা?
হাই কোর্টের নির্দেশে বলা হয়েছিল, ২০১০ সালের আগে অনুমোদিত ৬৬টি ওবিসি সম্প্রদায়ের তালিকার ভিত্তিতে নতুন মেধাতালিকা তৈরি করতে হবে।
Truth Of Bengal: কলকাতা হাই কোর্টের নির্দেশে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। শুক্রবার প্রধান বিচারপতি বি.আর. গভাইয়ের নেতৃত্বাধীন বেঞ্চ এই নির্দেশ জারি করে। এর ফলে জয়েন্ট এন্ট্রান্স ও মেডিক্যাল ভর্তি প্রক্রিয়ায় ওবিসি সংরক্ষণ নিয়ে যে জট তৈরি হয়েছিল, তা আপাতত কিছুটা সরে গেল। আইনজীবী মহলের দাবি, এই স্থগিতাদেশের পর জয়েন্ট এন্ট্রান্সের ফলপ্রকাশ ও মেধা তালিকা প্রকাশের পথ সুগম হল। সূত্রের খবর, শুক্রবারেই জয়েন্ট এন্ট্রান্সের ফলাফল ও মেধা তালিকা প্রকাশ করবে রাজ্য সরকার।
[আরও পড়ুন: South America Earthquake: ড্রেক প্রণালীতে ভয়াবহ ভূমিকম্প, জারি হল সুনামি সতর্কতা]
হাই কোর্টের নির্দেশে বলা হয়েছিল, ২০১০ সালের আগে অনুমোদিত ৬৬টি ওবিসি সম্প্রদায়ের তালিকার ভিত্তিতে নতুন মেধাতালিকা তৈরি করতে হবে। একইসঙ্গে নির্দেশ দেওয়া হয়েছিল, ২০১০ সালের পরে যাঁরা ওবিসি শংসাপত্র পেয়েছেন, তাঁরা কাউন্সেলিংয়ের সুযোগ পাবেন না। এই রায়ের বিরুদ্ধেই আবেদন যায় সুপ্রিম কোর্টে (Supreme Court)।
গত ৭ অগস্ট জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশ হওয়ার কথা থাকলেও হাই কোর্টের রায়ের কারণে তা আটকে যায়। শুক্রবার সুপ্রিম কোর্টের স্থগিতাদেশে ফল প্রকাশের আর কোনও বাধা থাকল না।
উল্লেখ্য, ২০২৪ সালের মেডিক্যাল ভর্তি পরীক্ষায় একাধিক পরীক্ষার্থী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলেও কাউন্সেলিংয়ে ডাক পাননি। তাঁদের অভিযোগের ভিত্তিতেই মামলা হয়, এবং পরে কলকাতা হাই কোর্ট নতুন প্যানেল তৈরির নির্দেশ দেয়। সেই সময়েই ২০২৫ সালের ভর্তি বিজ্ঞপ্তি জারি হলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে (Supreme Court)।
সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে জয়েন্ট, নিট ও ডেন্টাল পরীক্ষার ফলপ্রকাশের জট আপাতত কেটে গেল। তবে ভর্তি প্রক্রিয়া কীভাবে চলবে, সে বিষয়ে রাজ্য সরকার এখনও বিস্তারিত কিছু জানায়নি।






