South America Earthquake: ড্রেক প্রণালীতে ভয়াবহ ভূমিকম্প, জারি হল সুনামি সতর্কতা
রিখটার স্কেলে প্রথমে কম্পনের মাত্রা ৮ ধরা হলেও পরে আমেরিকার ভূতাত্ত্বিক সর্বেক্ষণ (ইউএসজিএস) তা সংশোধন করে ৭.৫ বলে জানায়।
Truth of Bengal: জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ আমেরিকার দক্ষিণ প্রান্তের ড্রেক প্রণালী এলাকা। রিখটার স্কেলে প্রথমে কম্পনের মাত্রা ৮ ধরা হলেও পরে আমেরিকার ভূতাত্ত্বিক সর্বেক্ষণ (ইউএসজিএস) তা সংশোধন করে ৭.৫ বলে জানায়। শুক্রবার ভারতীয় সময় সকাল ৭টা ৪৬ মিনিটে এই কম্পন অনুভূত হয়। তবে স্বস্তির বিষয় এই কম্পনের জেরে কোন ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর মেলেনি (South America Earthquake)।
আরও পড়ুনঃ মানবিকতার নজির, আহত হনুমানের সেবায় প্রাক্তন কাউন্সিলর
প্রাথমিক ভাবে জানা গিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল দক্ষিণ আমেরিকা ও আন্টার্কটিকার মাঝামাঝি ড্রেক প্রণালী, মাটির প্রায় ১২ কিলোমিটার গভীরে। আর্জেন্টিনার দক্ষিণ প্রান্তের শহর উশুয়াইয়া থেকে কেন্দ্রস্থলটির দূরত্ব প্রায় ৭০০ কিলোমিটারেরও বেশি। ড্রেক প্রণালী দক্ষিণ-পশ্চিম অতলান্তিক মহাসাগর এবং দক্ষিণ-পূর্ব প্রশান্ত মহাসাগরকে যুক্ত করছে। তবে সতর্কতার অংশ হিসেবে চিলেতে সুনামি সতর্কতা জারি করেছে সে দেশের হাইড্রোগ্রাফিক অ্যান্ড ওশিয়ানোগ্রাফিক সার্ভিস। প্রশান্ত মহাসাগরের সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছে, কম্পনের পরবর্তী তিন ঘণ্টার মধ্যে চিলের উপকূলে সুনামি আছড়ে পড়তে পারে। উপকূলীয় এলাকায় বসবাসকারীদের ইতিমধ্যেই নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া শুরু করেছে প্রশাসন। সমুদ্রতীরে প্রবেশেও জারি হয়েছে নিষেধাজ্ঞা (South America Earthquake)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/truthofbengal
এর আগে, ৩০ জুলাই সকাল ৮টা বেজে ২৫ মিনিটে জাপানে ভূমিকম্প অনুভূত হয়। প্রথমে জাপানের প্রশাসন জানিয়েছিল, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ৮। পরে মার্কিন জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, রিখটার স্কেলে ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৮.৮। পাশাপাশি রাশিয়ার কামচাটকা উপদ্বীপে ৮.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি হয়েছিল। যদিও আশঙ্কামতো বড় ঢেউ ওঠেনি, কেবল কামচাটকায় ১৪ থেকে ১৬ ফুট উচ্চতার ঢেউ দেখা গিয়েছিল। মাত্র এক মাসের মাথায় ফের তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল। আর ছড়িয়ে পড়ে আতঙ্ক (South America Earthquake)।






