দেশ

দল ছাড়লেন বিজেপির জাতীয় মুখপাত্র, এবার কি কংগ্রেসে ‘ঘরওয়াপসি’? জোর জল্পনা!

কংগ্রেসের পর কি এবার বিজেপিকেও ‘আলবিদা’? নতুন সোশাল মিডিয়া বায়ো দেখে চমকে উঠলেন ভক্তরা!

Truth of Bengal: টিভি শো থেকে শুরু করে সামাজিক মাধ্যম, সব জায়গাতেই বিরোধীদের তীব্র আক্রমণ সামলে এতদিন শক্ত হাতে দলের ঢাল হয়ে দাঁড়িয়েছেন তিনি। কিন্তু সেই জনপ্রিয় জাতীয় মুখপাত্র শেহজাদ পুনাওয়ালাই কি এবার বিজেপিকে বিদায় জানালেন? আচমকাই নিজের এক্স (পূর্বতন টুইটার) হ্যান্ডেলের পরিচয় বদলে ফেললেন তিনি। সেখান থেকে সরিয়ে দিয়েছেন ‘বিজেপি মুখপাত্র’ লেখা পরিচয়টি। আর এরপর থেকেই রাজনৈতিক অলিন্দে জোরালো প্রশ্ন উঠতে শুরু করেছে, তবে কি এবার সোজাসুজি সক্রিয় রাজনীতি থেকেই অবসর নিচ্ছেন শেহজাদ?

প্রায় ১৮ বছর ধরে ভারতীয় রাজনীতির আঙিনায় যুক্ত রয়েছেন শেহজাদ পুনাওয়ালা। রাজনৈতিক জীবনের শুরুটা কংগ্রেসে হলেও পরবর্তীতে তিনি যোগ দেন ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি)। ২০২১ সালে তাঁকে দিল্লি বিজেপির সোশাল মিডিয়া ইনচার্জের দায়িত্ব দেওয়া হয় এবং পরবর্তীতে জাতীয় মুখপাত্র হিসেবে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তবে সম্প্রতি এক্স হ্যান্ডেলে তাঁর পরিবর্তন করা নতুন বায়ো দেখে জল্পনা তুঙ্গে পৌঁছেছে। বর্তমানে সেখানে লেখা রয়েছে, “ধর্ম ইসলাম, সংস্কৃতি হিন্দু, আদর্শ ভারতীয়। সারাজীবন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অনুগামী।” অর্থাৎ, এই নতুন পরিচয়ে বিজেপির কোনো প্রকার উল্লেখই রাখেননি তিনি।

বেশ কিছুদিন আগেই ইঙ্গিত মিলেছিল যে তিনি সক্রিয় রাজনীতি ছাড়ার বিষয়ে চিন্তাভাবনা করছেন। সম্প্রতি পুরনো দুটি ভিডিও নতুন করে রিট্যুইট করে তিনি লিখেছিলেন যে, ২০২৪ সালে নরেন্দ্র মোদি তৃতীয়বার প্রধানমন্ত্রী হলেই তিনি রাজনীতি ছাড়ার যে কথা বলেছিলেন, তা বাস্তবায়নে ইতিমধ্যেই ‘২ বছর দেরি হয়ে গেছে’। যদিও এ বিষয়ে তাঁর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো চূড়ান্ত ঘোষণা করা হয়নি।

২০১৭ সালে সভাপতি নির্বাচন কেন্দ্র করে অসন্তোষের জেরে রাহুল গান্ধীর হাত ছেড়ে কংগ্রেস ত্যাগ করেছিলেন শেহজাদ। পরবর্তীতে বিজেপিতে যোগ দিয়ে কংগ্রেস নেতৃত্বের বিরুদ্ধে বারবার সুর চড়িয়েছেন তিনি। বর্তমানে গুঞ্জন চলছে, ব্যক্তিগত কারণেই হয়তো দূরত্ব তৈরি করছেন তিনি, তবে আগামী দিনে পুরনো দল কংগ্রেসে ফেরার কোনও সম্ভাবনা তৈরি হয় কি না, সেদিকেও নজর রাখছে পর্যবেক্ষক মহল। যদিও তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলে এখনও ‘বিজেপি মুখপাত্র’ পরিচয়টি বজায় রয়েছে, তবে এক্স বায়োর এই পরিবর্তন বিজেপি শিবির এবং সাধারণ মানুষের মনে এক বিশাল প্রশ্নের চিহ্ন এঁকে দিয়েছে।

Related Articles