দেশ

স্বরাষ্ট্রমন্ত্রকের ওপর চাপ বাড়িয়ে দিল্লিতে মেগা আন্দোলন! এবার যন্তর মন্তরে আমরণ অনশনে অবসরপ্রাপ্ত জওয়ানরা

সুপ্রিম কোর্টের নির্দেশ অবমাননার অভিযোগ! ক্ষোভে ফুঁসছেন হাজার হাজার প্রাক্তন আধাসেনা জওয়ান

Truth of Bengal: কেন্দ্রীয় সরকারের ওপর চাপ বহুগুণ বাড়িয়ে এবার দিল্লির রাজপথে বড়সড় আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন আধাসেনাবাহিনীর অবসরপ্রাপ্ত জওয়ানরা। ‘সিএপিএফ (জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন) আইন, ২০২৬’-এর বিরোধিতা এবং পুরনো পেনশন স্কিম (OPS) পুনর্বহালের দাবিতে আগামী ১২ নভেম্বর থেকে দিল্লির ঐতিহাসিক যন্তর মন্তরে আমরণ অনশন কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। ‘এক্স প্যারামিলিটারি ফোর্সেস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’-এর ছাতার তলায় একজোট হয়ে এই মেগা আন্দোলনের কথা ঘোষণা করেছেন প্রাক্তন আধাসেনা আধিকারিক ও জওয়ানরা।

আন্দোলনকারীদের মূল ক্ষোভের কারণ ৯ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন ‘সিএপিএফ আইন, ২০২৬’। সিআরপিএফ, সিআইএসএফ, বিএসএফ-সহ সমস্ত কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীর ওপর এই আইন প্রযোজ্য করা হয়েছে। অ্যাসোসিয়েশনের প্রধান রণবীর সিং অভিযোগ করেন, নয়া আইনে বিএসএফ ও সিআরপিএফের মতো বাহিনীগুলিতে ডেপুটেশনে থাকা আইপিএস (IPS) আধিকারিকদের একচ্ছত্র আধিপত্য তৈরি করা হয়েছে। তাঁর দাবি, দীর্ঘদিন ধরে জওয়ানদের ন্যায্য দাবি ও পদোন্নতির বিষয়টিকে কেন্দ্র উপেক্ষা করে আসছে, যার ফলে প্রতিবাদে নামা ছাড়া তাঁদের সামনে আর অন্য কোনও পথ খোলা নেই।

নতুন এই আইনকে ‘কালো আইন’ বলে তোপ দেগে রণবীর সিং জানান, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে একাধিকবার চিঠি দেওয়া সত্ত্বেও সরকারের পক্ষ থেকে কোনো ইতিবাচক সাড়া মেলেনি। নতুন নিয়ম অনুযায়ী, সিএপিএফ-এর আইজি (IG) পদের ৫০ শতাংশ এবং এডিজি (ADG) পদের অন্তত ৬৭ শতাংশ স্থান আইপিএসদের জন্য সংরক্ষিত থাকবে। এমনকি ডিজি (DG) ও স্পেশাল ডিজি পদগুলিও কেবল আইপিএস ক্যাডারের জন্যই বরাদ্দ রাখা হয়েছে। অভিযোগ, এর ফলে বাহিনীতে দীর্ঘদিন ধরে কর্মরত নিজস্ব ক্যাডার আধিকারিকদের পদোন্নতির পথ পুরোপুরি রুদ্ধ হয়ে পড়ছে এবং আত্মসম্মান নিয়ে কাজ করা কঠিন হচ্ছে।

সংগঠনের আরও গুরুতর অভিযোগ, সুপ্রিম কোর্টের গুরুত্বপূর্ণ রায়কে এড়াতেই এই নয়া আইন তৈরি করেছে কেন্দ্রীয় সরকার। গত বছরই শীর্ষ আদালত স্বরাষ্ট্র মন্ত্রককে নির্দেশ দিয়েছিল যাতে আগামী দুই বছরের মধ্যে আধাসেনায় আইপিএস ডেপুটেশন ধাপে ধাপে কমানো হয় এবং ক্যাডার রিভিউ সম্পন্ন করা হয়। কিন্তু সেই নির্দেশ বাস্তবায়নের পরিবর্তে নয়া আইন এনে আইপিএসদের ক্ষমতা আরও বাড়ানো হয়েছে বলে দাবি প্রাক্তন জওয়ানদের। ফলে দাবি আদায় না হওয়া পর্যন্ত এবার দিল্লিতে অনশন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ক্ষুব্ধ অবসরপ্রাপ্ত জওয়ানরা।

Related Articles