দেশ

মোদির আবেদনে সোনা কেনা কমিয়েছেন দেশবাসী! দাম কমতেই সাশ্রয়ের দাবি প্রধানমন্ত্রীর

কমেছে সোনার চাহিদা, যার প্রভাব পড়েছে বাজারদরেও।

Truth of Bengal: মাস ছয়েক আগে দেশবাসীর কাছে সোনা না কেনার আবেদন জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। খুব প্রয়োজন না হলে অন্তত এক বছর সোনা কেনা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছিলেন তিনি। এবার প্রধানমন্ত্রীর দাবি, তাঁর সেই আবেদনে সাড়া দিয়েছেন সাধারণ মানুষ। কমেছে সোনার চাহিদা, যার প্রভাব পড়েছে বাজারদরেও। ফলে অনেকেরই টাকা সাশ্রয় হয়েছে।

শনিবার লখনউয়ের এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ১৯৬৫ সালের খাদ্যসঙ্কটের প্রসঙ্গ টানেন মোদি। সেই সময় তৎকালীন প্রধানমন্ত্রী লালবাহাদুর শাস্ত্রী দেশবাসীকে সপ্তাহে এক বেলা খাবার না খাওয়ার আবেদন জানিয়েছিলেন। তাঁর ডাকে সাড়া দিয়েছিলেন সাধারণ মানুষ। সেই উদাহরণ তুলে ধরে মোদি বলেন, তিনিও দেশবাসীকে প্রয়োজন ছাড়া এক বছর সোনা না কেনার অনুরোধ করেছিলেন। তাঁর দাবি, সাধারণ মানুষ সেই আবেদন মেনে চলেছেন। অনেকেই তাঁকে জানিয়েছেন, সোনা না কেনায় তাঁদের টাকা বেঁচেছে।

প্রসঙ্গত, বর্তমানে গত এক বছরের মধ্যে সর্বনিম্ন স্তরে রয়েছে সোনার দাম। রবিবার সকালের হিসাব অনুযায়ী, ২২ ক্যারেট সোনার দাম প্রতি গ্রাম ১১,৮৪০ টাকা এবং ২৪ ক্যারেটের দাম ১২,৩৯০ টাকা। কমেছে রুপোর দামও। বর্তমানে এক কেজি রুপোর দর ১ লক্ষ ৫২ হাজার ৯৫৬ টাকা। চলতি বছরের জানুয়ারি থেকে সোনার দাম কমেছে ৫৩ হাজার টাকারও বেশি, প্রায় ২৯ শতাংশ। যদিও আন্তর্জাতিক বাজারের পরিস্থিতি এবং অর্থনৈতিক অনিশ্চয়তাও সোনার দামের ওঠানামায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে।

Related Articles