দেশ

মহিলা সংরক্ষণ বিল পাশ করা হলেও তা কার্যকর করতে চায় না কেন্দ্র বিস্ফোরক অভিযোগ রাহুলের

Rahul Gandhi

The Truth of Bengal: রাজনীতি থেকে দেশের নীতি রূপায়ণে মহিলাদের অংশগ্রহণ বাড়ানো প্রয়োজন।দেশের অর্ধেক আকাশকে নীতি-নির্ধারণের ভূমিকায় তুলে আনার জন্য ৩৩শতাংশ মহিলা সংরক্ষণ করার উদ্যোগ নিয়েছে কেন্দ্র।বিরোধীদের দাবি,একসময় যোগী আদিত্যনাথ সহ বিজেপির সাংসদরা যে মহিলা সংরক্ষণের  আইনের বিরোধিতা করেছিল,সেই মহিলা সংরক্ষণের বিল  সংসদে পাশ করিয়ে মোদি সরকার চমক দিচ্ছে ।আসলে পুরোটাই ভোটের গিমিক।নজর ঘোরাতেই নয়া কৌশল বলে এবার সোচ্চার হলেন রাহুল গান্ধী।ওয়ানড়ের কংগ্রেস সাংসদ বলেন, “মহিলা সংরক্ষণ খুবই ভালো। কিন্তু তার দুটি ফুটনোট রয়েছে- জনগণনা আর আসন পুনর্বিন্যাস। এই দুটি কাজ শেষ হতে দীর্ঘদিন সময় লাগবে। কিন্তু সংসদ বা বিধানসভাগুলোতে এখনই মহিলাদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণ করে দেওয়া যায়, সেটা এমন কিছু কঠিন কাজ নয়। এই সরকার সেটা করতে চায় না।

কেন্দ্রকে  তোপ দেগে রাহুলের মত, দেশবাসীর নজর ঘুরিয়ে দেওয়ার জন্যই এই বিল এনেছে সরকার। এখন পাশ হলেও ১০ বছর পরে কার্যকরী হবে মহিলা সংরক্ষণ বিল।কেন্দ্রীয়  সরকারের বিরুদ্ধে রাহুলের অভিযোগ, ওবিসি জনগণনা এড়িয়ে যাওয়ার জন্যই পাশ করানো হয়েছে এই বিল। প্রধানমন্ত্রী নিজে প্রতিদিন ওবিসি মানুষের কথা বলেন, কিন্তু তাঁদের জন্য তিনি কী করেছেন? প্রসঙ্গত, মহিলা সংরক্ষণ বিল নিয়ে আলোচনার সময়ে এসসি, এসটি, ওবিসি সম্প্রদায়ের মহিলা জনপ্রতিনিধিদের জন্য আলাদা করে সংরক্ষণের দাবি জানিয়েছিলেন সাংসদ সোনিয়া গান্ধীও।এখন রাহুল গান্ধীও মহিলা সংরক্ষণ আইন নিয়ে কেন্দ্রকে তোপ দাগায় কেন্দ্রের চাপ বাড়ল।রাহুল গান্ধী আরও বলেন, ‘১০০ শতাংশ অনুশোচনা রয়েছে। কংগ্রেস যে সময় বিল এনেছিল, সেসময় ওবিসি কোটা না আনায় অনুশোচনা রয়েছে। এবার বিরোধীদের সরকার এলে তা করেই ছাড়া হবে। বিজেপি সরকারের ভূমিকার তীব্র সমালোচনাও করেন তিনি।

ইন্ডিয়া জোটের অন্যতম নেতার অভিযোগ,কেন্দ্র আসলে ওবিসি জনগোষ্ঠীর হাতে ক্ষমতা দিতে চায় না।বিজেপি মহিলাদেরও ক্ষমতা প্রদানে অনিচ্ছুক।  ওবিসি –দলিতদের বদলে আদানিদের ক্ষমতা দেওয়াই বিজেপির লক্ষ্য বলেও সোচ্চার হন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। মহিলা বিল নিয়ে বিজেপি যতই কৃতিত্ব নেওয়ার চেষ্টা করুক, আগামীদিনে নির্বাচনী ময়দানে  মোদি সরকারের মহিলা সংরক্ষণ নিয়ে বিলম্বের নীতিকে বড় ইস্যু করতে কংগ্রেস সহ বিরোধীরা যে তৈরি হচ্ছে তার এর থেকে আভাস মিলছে।

Related Articles