দেশ

“কেউ আমাদের ধমকাতে পারে না!”, রাহুলের মন্তব্যে রুষ্ট সুপ্রিম কোর্ট

রাহুল গান্ধীর মহামিছিলকে ‘দায়িত্বজ্ঞানহীন’ তকমা দিয়ে নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট

Truth of Bengal: বিরোধী দলনেতা রাহুল গান্ধীর নেতৃত্বে ‘ইন্ডি’ (INDIA) জোটের হাজার হাজার সমর্থকের সুপ্রিম কোর্ট অভিযানকে তীব্র ভাষায় ভর্ৎসনা করল শীর্ষ আদালত। নাম না করে বিরোধী দলনেতার এই ধরনের রাজপথের আচরণকে ‘দায়িত্বজ্ঞানহীন’ এবং বিচারব্যবস্থাকে প্রভাবিত করার ব্যর্থ অপচেষ্টা হিসেবে উল্লেখ করলেন দেশের প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ। আদালতের স্পষ্ট বক্তব্য, এই ধরনের কোনও চাপ সৃষ্টির রাজনীতিতে বিচারব্যবস্থা প্রভাবিত হয় না এবং কেউ তা গুরুত্বও দেয় না।

গত সোমবার ‘ইন্ডি’ জোটের শীর্ষ শরিকদের সঙ্গে নিয়ে সুপ্রিম কোর্ট চত্বর অভিমুখে এক মহামিছিলের ডাক দিয়েছিলেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। ঘটনাকে কেন্দ্র করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেন বিজেপি মুখপাত্র গৌরব ভাটিয়া। তাঁর অভিযোগ ছিল, রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে বিচারব্যবস্থার ওপর চাপ সৃষ্টি করা এবং আদালতের অবমাননা করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

সেই মামলার শুনানিতে প্রধান বিচারপতি সূর্য কান্ত কড়া সুর চড়িয়ে বলেন, “কেউ দেশের বিচারব্যবস্থাকে ভয় দেখাতে পারবে না। আদালতের বাইরে কে কী বলছেন বা কী করছেন, তা আমাদের অজানা নয়। আমরা কেউ গজদন্ত মিনারে বসে নেই।” বিচারব্যবস্থার ওপর প্রভাব খাটানোর চেষ্টার কড়া সমালোচনা করে রাহুল গান্ধী ও অখিলেশ যাদব-সহ ইন্ডি জোটের একাধিক শীর্ষ নেতাকে তাঁদের আচরণের ব্যাখ্যা চেয়ে নোটিস পাঠিয়েছে শীর্ষ আদালত।

উল্লেখ্য, ওই মহামিছিলের পর রাহুল গান্ধী ও অখিলেশ যাদব-সহ ১১ জন বিরোধী নেতা এসআইআর (SIR)-এ স্থগিতাদেশ এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে তদন্তের দাবি জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা করেন। সেই আবেদনের ভিত্তিতে এদিন নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় সরকারকে নোটিস জারি করেছে আদালত। তবে প্রধান বিচারপতি স্পষ্ট জানিয়ে দেন, কমিশনকে নোটিস পাঠানোর অর্থ এই নয় যে বিরোধী নেতার আচরণকে ক্ষমা করে দেওয়া হয়েছে। আগামী শুনানিতে তাঁর এই আচরণের উপযুক্ত জবাব দিতে হবে।

অন্যদিকে, বিক্ষোভ মিছিল চলাকালীন এক মহিলা সাংবাদিককে হেনস্তার অভিযোগ তুলে আদালতের হস্তক্ষেপ দাবি করেন বিজেপি নেতা গৌরব ভাটিয়া। তবে শীর্ষ আদালত তাঁকে এই বিষয়ে পৃথকভাবে মামলা দায়ের করার নির্দেশ দিয়েছে এবং আলাদা আবেদন জমা পড়লে আদালত বিষয়টি খতিয়ে দেখবে বলে আশ্বাস দিয়েছে।

Related Articles