রবীন্দ্রনগরে সিপিআইএমের পার্টি অফিস ও বুক স্টলে ভাঙচুর, ঘটনাস্থলে ব্যাপক উত্তেজনা
টেবিল-চেয়ার থেকে গুরুত্বপূর্ণ নথিপত্র ছারখার! রবীন্দ্রনগরে রাজনৈতিক সংঘর্ষে রক্তপাত ও হামলার অভিযোগ কাদের বিরুদ্ধে?
গোপাল শীল, দক্ষিণ ২৪ পরগনা: রবিবার রাত প্রায় ৮টা নাগাদ মহেশতলা ১ এরিয়া কমিটির অন্তর্গত সন্তোষপুর-বেলতলা ৬ নম্বর পার্টি অফিস এবং সন্তোষপুর রেলগেট সংলগ্ন সিপিআইএমের বুক স্টলে হামলা ও ভাঙচুরের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল রবীন্দ্রনগর এলাকায়। এই ঘটনায় বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুলেছে সিপিআইএম। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রবীন্দ্রনগর থানার বিশাল পুলিশ বাহিনী। ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে দাবি সিপিআইএমের।
সিপিআইএমের অভিযোগ, পার্টি অফিসে ঢুকে টেবিল, চেয়ার, পাখা ও আলমারি ভাঙচুর করা হয়। অফিসের ভিতরে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায় বিভিন্ন কাগজপত্র, বই-খাতা এবং প্রয়োজনীয় নথিপত্র। একইসঙ্গে সন্তোষপুর রেলগেট সংলগ্ন প্রায় ৫০ বছরের পুরনো বুক স্টলেও হামলা ও ভাঙচুর চালানো হয়েছে বলে দাবি।
দলের দাবি, এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের চিকিৎসার জন্য নাদিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আচমকা পার্টি অফিস ও দীর্ঘদিনের পুরনো বুক স্টলে হামলার ঘটনায় এলাকায় রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে।
ঘটনার পিছনে কারা জড়িত, তা নিয়ে উঠছে প্রশ্ন। অভিযোগের সত্যতা যাচাই এবং ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে উপযুক্ত পদক্ষেপের দাবি উঠেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানা গিয়েছে।
তবে সিপিআইএমের তোলা এই অভিযোগের বিষয়ে বিজেপির পক্ষ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ঘটনার প্রকৃত কারণ এবং কারা এই হামলার সঙ্গে জড়িত, তা তদন্তের মাধ্যমে স্পষ্ট হবে।






